আজম খানের গান
আজম খানের মৃত্যুর পর বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর গাওয়া পুরোনো গানগুলো নিয়ে নতুন অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন আজম খানের পরিবারের সদস্যরা। গতকাল সোমবার পরিবার থেকে জানানো হয়েছে, কেউ যেন এই পরিবারের অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে আজম খানের গাওয়া পুরোনো বা নতুন কোনো গান নিয়েঅ্যালবাম এবং তাঁর ছবিসংবলিত কোনো টি-শার্ট বাজারজাত না করে। তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আজম খান শেষ গান করেছিলেন ‘ইত্যাদি’ অনুষ্ঠানে। গানটির শিরোনাম ‘আমি বাংলাদেশের আজম খান’। গত বছরের ২৯ অক্টোবর বিটিভিতে প্রচারিত হয় অনুষ্ঠানটি। এ ছাড়া আজম খানের পরিবারের কাছে তাঁর গাওয়া আরও তিনটি নতুন গান রয়েছে। জানা গেছে, এই চারটি গান নিয়ে এবার নতুন অ্যালবাম তৈরি হবে। আজম খানের পারিবারিক বন্ধু এরশাদুল হক বলেন, ‘আজম খানের গাওয়া এই শেষ গানগুলো নিয়ে এরই মধ্যে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, অ্যালবামটি যে প্রতিষ্ঠান প্রকাশ করবে, এখানে যেন আজম খানের প্রতি যথাযথ সম্মান দেখানো হয়। এই অ্যালবাম থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ আজম খানের পরিবারকে দেওয়া হবে। তাই এ ব্যাপারটিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে।’‘ইত্যাদি’র পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত বলেন, ‘আজম খানের মৃত্যু নিয়ে কেউ যেন ব্যবসায়িক ফায়দা না লোটে। আজম খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই অসৎ চিন্তা থেকে সবাই যেন দূরে থাকে।’ এদিকে আজম খান তাঁর মেয়ে ইমা খানের সঙ্গে অ্যালবাম করার উদ্যোগ নিয়েছিলেন। কিছু কাজও করেছিলেন। অসুস্থ হওয়ার কারণে শেষ পর্যন্ত তা অসম্পূর্ণ রয়ে গেছে।