আজম খানের গান নিয়ে ‘তোমায় সালাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা গত বছরের জুন মাস। তিনটি গানের ট্র্যাক তৈরি। গানগুলোতে কণ্ঠ দেবেন আজম খান। নির্ধারিত দিনে মগবাজার এলাকার তান স্টুডিওতে এলেন তিনি। গানগুলোতে কণ্ঠ দেওয়ার সময় সংগীত পরিচালক মনি জামানকে বারবার জিজ্ঞেস করছিলেন, ‘আমার কথাগুলো কি স্পষ্ট হইতাছে? জিভের নিচে কী যেন একটা বিচির মতো হইছে! অসুবিধা মনে হয়।’ মনি বললেন, ‘তখন পর্যন্ত গুরুর (আজম খান) কথা খুব স্পষ্ট ছিল।’মাত্র এক দিনেই তিনটি গানে কণ্ঠ দিলেন তিনি। গানগুলো হলো—‘আমি বাংলাদেশের আজম খান’, ‘কেউ নেশা করো না’ এবং ‘একুশে ফেব্রুয়ারি’। ‘একুশে ফেব্রুয়ারি’ গানটি একক কণ্ঠে গাওয়ার পাশাপাশি মনি জামানের সঙ্গে দ্বৈত কণ্ঠেও গেয়েছেন আজম খান।এবার আজম খানের গাওয়া এই চারটি গান নিয়ে তৈরি হচ্ছে অডিও অ্যালবাম। নাম তোমায় সালাম। এটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন। গত মঙ্গলবার বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে মনি জামানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অ্যালবামটির আয়োজক ছিলেন মনি জামান। চুক্তি অনুযায়ী অ্যালবাম থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ আজম খানের পরিবারকে দেওয়া হবে।মনি জানান, আজম খানের জন্য ওই সময় আরও চারটি গানের ট্র্যাক তৈরি করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে সেগুলোতে তিনি আর কণ্ঠ দিতে পারেননি। পরে আজম খানের পরামর্শে ওই চারটি গানে কণ্ঠ দেন মনি জামান। এদিকে ইমপ্রেস অডিও ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘আজম খানের প্রতি শ্রদ্ধা জানাতেই তোমায় সালাম অ্যালবামটি নিয়েছি। আশা করছি, সপ্তাহ দুয়েকের মধ্যেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’