আজম খানের জন্মদিনে হবে ফাউন্ডেশনের যাত্রা
পপতারকা আজম খানের স্মৃতি রক্ষার্থে তৈরি হচ্ছে ‘আজম খান ফাউন্ডেশন’। আজম খানের বড় মেয়ে ইমা খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বাবার জন্মদিন। তাই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রার জন্য আগামী বছর তাঁর জন্মদিনের সময়টাকে আমরা বেছে নিয়েছি। কাজকর্মও সেভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে ফাউন্ডেশনের জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে নানা শ্রেণী ও পেশার সদস্য সংগ্রহ করা হয়েছে। খুব শিগগির বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হবে।’আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিন ফাউন্ডেশনের ১০টি কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হবে বলেও জানান ইমা খান। এর মধ্যে রয়েছে শিল্পীর স্মৃতিবিজড়িত জিনিসপত্রের সংগ্রহশালা নিয়ে নির্মাণাধীন ‘আজম খান জাদুঘর’।ইমা খান বলেন, ‘মাস দুয়েকের মধ্যে আমাদের কমলাপুরের বাড়ির সংস্কারকাজ শুরু হবে। বাড়িটির দোতলার একটি কক্ষ বাবার নামে জাদুঘর হিসেবে ব্যবহূত হবে। সেখানে বাবার ব্যবহূত জিনিসগুলোর পাশাপাশি আরও থাকবে তাঁর গানের সিডি, খেলার সরঞ্জাম, মুক্তিযুদ্ধের দিনগুলোর নিয়ে লেখা বাবার ডায়েরি আর ছবি। এ জন্য আমরা বাবার ব্যবহারের জিনিসপত্র সব সংগ্রহ করে যত্ন তুলে রেখেছি।’আজম খান ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা ইমা খান আরও বলেন, ‘আমাদের ইচ্ছা আছে, যত দ্রুত সম্ভব বাড়িটির সংস্কারকাজ শেষ করে জাদুঘর চালু করার। শুরুতে জাদুঘরে সবাই আসার সুযোগ পাবেন না। তবে বিশেষ দিন বা বিশেষ কোনো নাটক-চলচ্চিত্রের চিত্রায়ণে এখানে আসার সুযোগ থাকবে।’ আজম খান ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম প্রসঙ্গে জানা গেছে, এই ফাউন্ডেশন থেকে কারিগরি শিক্ষার ওপর বেশি জোর দেওয়া হবে। থাকবে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বই ও কম্পিউটার বিতরণের মতো কর্মসূচি। গ্রামের দরিদ্র মেয়েদের সেলাই মেশিন বিতরণের মতো কর্মসূচিও থাকবে।ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছর ৫ জুন মারা যান আজম খান।