আজম খানের নতুন অ্যালবাম আজ থেকে মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার আসছে আজম খানের অপ্রকাশিত গান নিয়ে অ্যালবাম গুরু তোমায় সালাম। তবে শুরুতে গানগুলো শোনা যাবে বাংলালিংকে। আজ রাত থেকে বাংলালিংকের গ্রাহকেরা ৫৮৫৮ নম্বরে ডায়াল করে গানগুলো শুনতে পাবেন। এই সুযোগ থাকবে আগামী ১০ দিন। এরপর অডিও সিডি আকারে অ্যালবামটি বাজারে আনছে ইমপ্রেস অডিও ভিশন। গত বছর জুন মাসে মাত্র এক দিনেই তিনটি গানে কণ্ঠ দিয়েছিলেন আজম খান। সব কটি গানের সুরকার ও সংগীত পরিচালক ছিলেন মনি জামান। গানগুলো হলো—‘আমি বাংলাদেশের আজম খান’, ‘কেউ নেশা কোরো না’ এবং ‘একুশে ফেব্রুয়ারি’। ‘একুশে ফেব্রুয়ারি’ গানটি একক কণ্ঠে গাওয়ার পাশাপাশি মনি জামানের সঙ্গে দ্বৈত কণ্ঠেও গেয়েছেন আজম খান। গুরু তোমায় সালাম অ্যালবামে থাকছে এই চারটি গান। আরও থাকছে আজম খানকে নিয়ে মনি জামানের গাওয়া নতুন চারটি গান। গত ১৪ জুন অ্যালবামটির আয়োজক মনি জামানের সঙ্গে ইমপ্রেস অডিও ভিশনের একটি চুক্তি স্বাক্ষর হয়। ইমপ্রেস ও চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসান জানান, এরই মধ্যে অ্যালবামের মূল্য বাবদ কিছু টাকা আজম খানের পরিবারকে দেওয়া হয়েছে। ইমপ্রেস অডিও ভিশন ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘আজম খানের প্রতি শ্রদ্ধা জানাতেই অ্যালবামটি আমরা প্রকাশ করছি।’