আজম খানের সঙ্গে সুমন ও সাবিনার আড্ডা দেশ টিভিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকালে খবরটা শোনার পর থেকেই মনটা খুব খারাপ। আমি তো এখন কলকাতায়। এই তো গত ২৯ মার্চ বিকেলে অনেকটা হঠাৎ করেই আমি আর কবির সুমন গিয়েছিলাম আজম খানের বাসায়। আমাদের দেখে অবাক হন তিনি। দ্রুত অন্য রুমে গিয়ে ঘরের পোশাক পাল্টে আসেন। এ সময় আজম খানের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাই। তিনি আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলেন। তাঁর সঙ্গে কাটানো পুরো সময়টিকে ধারণ করেছিল দেশ টিভি। শুনেছি, শিগগিরই অনুষ্ঠানটি দেখানো হবে।’ বললেন সাবিনা ইয়াসমীন। মুঠোফোনে গতকাল দুপুরে কথা হলো তাঁর সঙ্গে।দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী জানান, কবির সুমন ও সাবিনা ইয়াসমীনকে দেওয়া আজম খানের ওই সাক্ষাৎকার নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করা হয়েছে; নাম ‘বন্ধু কী খবর?’ আগামীকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় দেশ টিভিতে দেখানো হবে অনুষ্ঠানটি।কমলাপুরের জসীমউদ্দীন রোডে আজম খানের সঙ্গে ওই বিকেলের আড্ডা নিয়ে সাবিনা ইয়াসমীন বললেন, ‘আমি তাঁকে একটি গান গাওয়ার জন্য খুব অনুরোধ করেছিলাম। শেষ পর্যন্ত রাজি হলেন। আমরা দুজন একসঙ্গে গাইলাম “ওরে সালেকা, ওরে মালেকা”।’এই আড্ডায় উঠে আসে আজম খানের ছোটবেলা, তাঁর বেড়ে ওঠা, শিল্পী হওয়া, যৌবনের উত্তাল দিনগুলোর কথা, মুক্তিযুদ্ধ, আজম খানের দারুণ জনপ্রিয় হওয়া কিছু গানের নেপথ্যের কথাসহ নানা কিছু।