আজাদ আবুল কালাম ও মীমের ‘এমনিবিএস’
শহরের এক বড় চিকিৎসকের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন আজাদ আবুল কালাম। এমবিবিএস চিকিৎসক না থাকায় গ্রামে এসে তিনিই চিকিৎসাসেবা দিতে থাকেন। সাইনবোর্ডে এমনিবিএস লেখে গ্রামের লোকদের অসুখে রাত-দিন রোগীর পাশে ছুটে যান তিনি। নিজে না পারলে রোগীকে দ্রুত শহরে পাঠানোর চেষ্টা করেন তিনি। এ জন্য গ্রামেও তাঁর একটা সুনাম তৈরি হয়েছে। এদিকে গ্রামের মেয়ে বিদ্যা সিনহা মীম ভালোবাসে চিকিৎসক আজাদ আবুল কালামকে। চিকিৎসকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে চেয়ারম্যান হয়ে যায় ড. ইনামুল হক। চেয়ারম্যানের স্ত্রী শর্মিলী আহমেদেরও খুব পছন্দ আজাদ আবুল কালামকে। চিকিৎসকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওঠে উঠতি ব্যবসায়ী। শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় এমনিবিএস নাটকের গল্প। রচনা ওয়ালিদ হাসান। পরিচালনা করেছেন বেলাল উদ্দিন।মীম বলেন, ‘একটু অন্য ধরনের গল্প এটি। তা ছাড়া পাভেল (আজাদ আবুল কালাম) ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো কোনো নাটকে অভিনয় করা হলো। এর আগেও অবশ্য একটি নাটকে কাজ করার কথা ছিল। কিন্তু ওনার বাবা মারা যাওয়ার কারণে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। খুবই ভালো লেগেছে এমনিবিএস নাটকটিতে পাভেল ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। নিজেও অনেক কিছু শিখতে পেরেছি।’