আজাদ আবুল কালাম ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো প্রাচ্যনাট আয়োজিত ছয় দিনব্যাপী নাট্যোৎসব। উৎসবে প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, আরণ্যক, থিয়েটারসহ ঢাকার প্রথম সারির নয়টি দলের ১১টি নাটক মঞ্চস্থ হয়। উৎসবটি শুরু হয় ২১ মার্চ এবং শেষ হয় ২৬ মার্চ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাচ্যনাটের দলীয় প্রধান আজাদ আবুল কালাম। উৎসবে দর্শকের অংশগ্রহণ কেমন ছিল?খারাপ না। বর্তমান প্রেক্ষাপটে অনেকেই উৎসব করতে নিষেধ করেছিলেন। হরতাল, রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে আমারও ভয় ছিল দর্শক নাটক দেখতে আসবেন কি না। কিন্তু উৎসব শুরুর পর ভুল ভাঙল আমাদের। প্রতিদিনই প্রচুর দর্শক নাটক উপভোগ করেছেন।এবারের উৎসব প্রাচ্যনাটের ১৫ বছর উদ্যাপন। এই দীর্ঘ সময়ে দলের অর্জন কতটুকু মনে করেন?এই সময়ের মধ্যে আমাদের অর্জন কম নয়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গায় কাজের পরিবেশ খুব যে অনুকূলে, তা-ও নয়। তার পরও সব সময় দলের কর্মীরা ভীষণভাবে কর্মচঞ্চল ছিলেন। এ সময়ের মধ্যে ছোট-বড় প্রায় ২৩টি প্রযোজনা মঞ্চে এনেছি। পাশাপাশি একটা থিয়েটার স্কুল গড়েছি। এ দিক থেকে দলের অর্জন অনেক। উৎসবে প্রাচ্যনাট ছাড়া বাইরের দলও অংশ নিয়েছে...দলের ১৫ বছর বয়সে আমরা এত বড় নাট্যোৎসব করিনি। এর আগে প্রাচ্যনাটসহ বাইরের দল নিয়ে পথনাটক উৎসব করেছি। কিন্তু মূল মঞ্চনাটকের উৎসব হয়নি। এই প্রথম উৎসবে বাইরের দলের নাটকও মঞ্চস্থ হলো। আমাদের উদ্দেশ্য ছিল, অন্যান্য দলের সঙ্গে নিজেদের একটা মেলবন্ধন তৈরি করা।উৎসবের স্লোগান—‘রূপান্তরের রূপকল্প, দৃশ্যে অদৃশ্যে’-এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন?সবকিছুই তো রূপান্তর হচ্ছে। আমরা প্রথম ১১ জন সদস্য নিয়ে কাজ শুরু করি। পথনাটক দিয়েই যাত্রা শুরু। এরপর বড় নাটক করলাম। সদস্য ১৭ জনে দাঁড়াল। এ পর্যায়ে দলের প্রযোজনা এখন ২৩টি। সদস্যসংখ্যাও অনেক। রূপান্তরের মাধ্যমে এভাবে ধীরে ধীরে আমাদের এগিয়ে যাওয়া। আর ‘দৃশ্যে অদৃশ্যে’ বলতে বোঝানো হয়েছে, দর্শক মঞ্চে আমাদের নাটক দেখছেন। কিন্তু এর পেছনে রয়েছে নাট্যকর্মীদের অনেক শ্রম ও সংগ্রাম। সেগুলো দেখতে পান না দর্শক, তাঁদের কাছে ওগুলো অদৃশ্যই থেকে যায়।আমাদের থিয়েটারকে এখন কোন জায়গায় দেখছেন?প্রয়োগের দিক থেকে অবশ্যই ভালো জায়গায় পৌঁছেছে আমাদের থিয়েটার—বিষয়বস্তুর দিক থকে নানামুখী কাজ হচ্ছে। বর্তমানে আমাদের থিয়েটার একটা জায়গায় চলে গেছে। তবে গত ২০ বছরে আমাদের থিয়েটার আরও ভালোভাবে এগোনোর কথা ছিল। সে ক্ষেত্রে সরকারি-বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা পাইনি আমরা। আজ আমরা যতটুকু দাঁড়িয়েছি, তা নাট্যকর্মীদের নিজস্ব ত্যাগ ও শ্রমের বিনিময়ে।