আজাদে মুগ্ধ আমির

‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খানের ছেলে আজাদ রাও খানের বয়স মাত্র দুই বছর। কিন্তু এই বয়সেই ট্যাপ ড্যান্সের মতো কঠিন নাচের মুদ্রা রপ্ত করে আমিরকে বিস্ময়ে হতবাক করে দিয়েছে ছোট্ট আজাদ। তার এই প্রতিভায় মুগ্ধ হয়ে একটু বড় হলেই সে চাইলে তাকে নাচের স্কুলে ভর্তি করারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমির।
কিছুদিন আগে আমিরের স্ত্রী কিরণ রাও অরুণাচল প্রদেশে ছুটি কাটাতে গেলে আজাদের দেখভালের দায়িত্ব নিয়েছিলেন আমির। তাঁর শুটিং কিংবা মহড়ার সময় পাশেই থাকত আজাদ। ট্যাপ ড্যান্স শিখতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন আমির। নাচটি যথেষ্ট কঠিন হওয়ায় অস্ট্রেলিয়া থেকে ফিরে বাড়িতে এবং ছবির সেটে ঘন ঘন এর চর্চা করতেন তিনি। তখন বাবার এই নাচ খুব মনোযোগ দিয়ে দেখত আজাদ।
আমিরের ট্যাপ ড্যান্স দেখতে দেখতে এর কয়েকটি মুদ্রা রপ্ত করে ফেলে ছোট্ট আজাদ। এ প্রসঙ্গে আমিরের কাছের একটি সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, আমির হঠাত্ একদিন লক্ষ করেন, তাঁর মতো করেই নাচার চেষ্টা করছে আজাদ। ট্যাপ ড্যান্সের মতো কঠিন নাচের কয়েকটি মুদ্রা সে রপ্ত করে ফেলেছে। প্রবল উত্সাহে আজাদকে নাচতে দেখে বিস্ময় ও আনন্দে অভিভূত হয়ে যান আমির। তিনি হাততালি দিতে থাকেন। প্রচণ্ড আনন্দে সেই হাততালি যেন থামছিলই না।
আজাদের এই নাচের আগ্রহ দেখে তাকে নাচ শেখানোর সিদ্ধান্ত নিয়েছেন আমির। একটু বড় হলেই তাকে নাচের স্কুলে ভর্তি হতে বলবেন আমির। তবে ছেলের ওপর কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী তিনি নন। আজাদ চাইলেই কেবল তাকে নাচ শেখার সুযোগ করে দেবেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আমিরের মুখপাত্র।