আজালিয়া আবারও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইগি আজালিয়া, গানের দুনিয়া বেশ আলোচিত-সমালোচিত এক নাম। এই তো বেশ কয়েক দিন আগেই বের হয়েছে এই অস্ট্রেলিয়ান শিল্পীর নতুন গান, ‘কান’ট লুজ’। প্রায় এক বছর বিরতির পর নতুন গান বের করলেন এই স্বর্ণকেশী। আবার আগামীকাল বের হবে তাঁর আরেকটি নতুন গান, ‘মো বাউন্স’।

ইগি আজালিয়া
ইগি আজালিয়া

ইগি আজালিয়ার পুরো নাম অ্যামেথিস্ট অ্যামেলিয়া কেলি। তাহলে ইগি আজালিয়া নামটা এল কোথা থেকে? সেই গল্পটাও খুব মজার। ছোটবেলার প্রিয় পোষা কুকুরের ডাক নাম থেকে নিয়েছেন নামের ‘ইগি’ অংশটুকু। আর ‘আজালিয়া’ এসেছে যে রাস্তায় খেলতে খেলতে তিনি বড় হয়েছেন সেই রাস্তার নাম থেকে। ছোটবেলার কথা যখন চলেই এল, তখন বলা যাক তাঁর পরিবারের কথা। বাবা ছিলেন কমিক শিল্পী, আর মা পরিচ্ছন্নতাকর্মী। বাবা নাকি সেই ছোট্টটি থেকেই শিল্পের প্রতি তাঁকে আগ্রহী হতে শিখিয়েছেন, সেই আগ্রহই বড় হয়ে তাঁকে অনুপ্রাণিত করেছে শিল্পী হতে। আজালিয়ার ভাষ্যমতে, তাঁর শরীরে আছে আদি অস্ট্রেলিয়ান রক্ত। সে জন্যই হয়তো গানের ক্ষেত্রে আজালিয়া বাধাহীন, ড্যাম কেয়ার। ২০১১ সালে পরপর দুটি গান দিয়ে তিনি পরিচিতি পান সংগীতপ্রেমীদের কাছে। মানুষ তাঁর নাম জানতে শুরু করে। জনপ্রিয়তাও হাতের নাগালে ধরা দেয়। সেই বছরেই সিদ্ধান্ত নেন তিনি রিলিজ করবেন তাঁর প্রথম একক অ্যালবাম দ্য নিউ ক্ল্যাসিক।

শেষ পর্যন্ত সেই অ্যালবাম বের হয় ২০১৪ তে এসে। তবে মাঝের সেই তিন বছর কিন্তু তিনি বসে থাকেননি। অ্যালবামের গানের জন্য কাজ করেছেন, শো-ও করেছেন। আবার পাশাপাশি মডেলিংয়েও হাতেখড়ি নিয়েছেন। র‍্যাপিং করেছেন ইচ্ছামতো। অ্যালবাম বের করার পরপরই সাড়া ফেলে দেন তিনি! সেই বছর মানে ২০১৪ সালে টানা বেশ অনেক সপ্তাহ বিলবোর্ডের শীর্ষ তালিকায় ছিল তাঁর সেই দ্য নিউ ক্ল্যাসিক অ্যালবামের গানগুলো।

এরপর ২০১৫ সালে তিনি ঘোষণা দেন দ্বিতীয় অ্যালবাম রিলিজের। অ্যালবামের নামও জানিয়ে দেন, ডিজিটাল ডিসটর্শন। সেই অ্যালবামেরই গান ‘টিম’ রিলিজ পেয়েছিল গত বছরের মার্চে। আর আরেকটি গান ‘মো বাউন্স’ রিলিজ পাবে আগামীকাল। মো বাউন্স নিয়ে কিন্তু এরই মধ্যে সংগীত দুনিয়ায় তোলপাড় চলছে। গানের মিউজিক ভিডিওর বেশ কয়েকটা টুকরো ছবি এরই মধ্যে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে, যাতে তাঁর সঙ্গে সংগীতের দুনিয়ার আরেক রানি নিকি মিনাজের মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরেই বের হবে ডিজিটাল ডিসটর্শন। দেখা যাক, গানের আর র‍্যাপের মোহময় জাদুতে এই বছরটাও নিজের করে নিতে পারেন নাকি ইগি আজালিয়া!

নাজিয়া শারমিন

বিলবোর্ড, উইকিপিডিয়া, মিউজিক নিউজ অবলম্বনে