আজিজুল হাকিম ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে আজিজুল হাকিমের শুরুটা হয়েছিল নাটকের দল আরণ্যক দিয়ে। সময়টা ১৯৭৭ সাল। প্রথম অভিনয় ওরা কদম আলী নাটকে। তারপর আর থেমে থাকেননি। একে একে আরণ্যকের দর্শকপ্রিয় প্রযোজনা ওরা আছে বলেই, ইবলিশ, নানকার পালা, গিনিপিগ, সমতট, করিওলেনাস প্রভৃতি নাটকে অভিনয়। মঞ্চে তাঁর শেষ অভিনীত নাটক জয়জয়ন্তী। ১৯৯৮ সালের পর মঞ্চে আর নিয়মিত দেখা যায়নি তাঁকে। মঞ্চে কাজের অভিজ্ঞতা, আবার ফিরে আসা না-আসার কথা নিয়ে আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন আজিজুল হাকিম।মঞ্চে নিজের প্রিয় চরিত্রআরণ্যক নাট্যদলে একাধিক নাটকে অভিনয় করেছি। সব নাটকের চরিত্রই ভালো লেগেছে। তবে দলের গিনিপিগ নাটকটির নিজের করা ‘রাজা’ চরিত্রটি আমার খুবই প্রিয় ছিল। এ চরিত্রটিতে আমি প্রথম বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ বলেছি। এ ছাড়া আরও কয়েকটি নাটকে আমার পছন্দের চরিত্র ছিল—আগুনমুখা নাটকের অরুণ, ইবলিশ নাটকের তালবে এলেম, সমতট নাটকের ছোট ভাই।নিজ দলে মনে রাখার মতো নাটকআরণ্যক নাট্যদলের নিজের মনে দাগ কেটে যাওয়া নাটক আমার কাছে একটাই। তা হলো পাথর। এটি আমার নিজের নির্দেশনা ছিল। এ নাটকটিতে দলের কয়েকজন পুরোনো সদস্য ছিল, বাকিরা সবাই নতুন; প্রথম মঞ্চে কাজ করা। এ নাটকটিতে তমালিকা মঞ্চে প্রথম কাজ করেন। নতুন ছেলেমেয়ে দিয়েও নাটকটি সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আমার বিশ্বাস, যাঁরা এ নাটকটি দেখেছেন, এখনো তাঁদের মনে নাটকটির কাহিনি জেগে আছে। দলের বাইরে... নিজের দেখা দলের বাইরে মনে রাখার মতো নাটকের কথা বলতে গেলে সংখ্যায় অনেক হয়ে যায়। তার মধ্যে নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজির কিস্সা, পায়ের আওয়াজ পাওয়া যায়, আইটিআইয়ের লোক সমান লোক, ঢাকা পদাতিকের তালপাতার সেপাই, পদাতিক নাট্য সংসদের মা, ঢাকা থিয়েটারের শকুন্তলা, কীর্তনখোলা। প্রিয় সহশিল্পীআরণ্যক নাট্যদলে যাঁদের সঙ্গে কাজ করেছি সবাই আমার প্রিয়। এখানে কাউকে খাটো করে দেখার মতো নেই। তবে মনের মতো একজন বা দুজন তো থাকেই। সে ক্ষেত্রে একজনের কথা না বললেই নয়। তিনি সালাউদ্দিন লাভলু। তাঁর সঙ্গে সহশিল্পী হিসেবে ওরা আছে বলেই, ইবলিশ, গিনিপিগ প্রভৃতি নাটকে অভিনয় করেছি। তাঁর সঙ্গে মঞ্চে আমার বোঝাপড়াটা অনেক চমৎকার ছিল।আবার মঞ্চে দেখা হবে কবে... যে মঞ্চ আপনাকে অভিনেতা বানিয়েছে, সেই মঞ্চের কথা তো হারিয়ে যাওয়ার জো নেই। নতুন করে মঞ্চে কাজ করার ইচ্ছা প্রবল। কিন্তু মঞ্চের বাইরের জগতের সঙ্গে জীবনযুদ্ধে এমনভাবেই আষ্টেপৃষ্ঠে আটকে গেছি যে বেরোনোর পথই খুঁজে পাচ্ছি না। তবে কোনো একদিন আমাকে সত্যিই হয়তো দেখা যাবে মঞ্চে—আবারও গলা ফাটিয়ে অভিনয় করছি।