
‘সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার ২০১৩’ আয়োজনে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী রহমান। জানালেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। কাল শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহার আল আহিল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। এরই মধ্যে পাঁচ ঘণ্টার একটি অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এখানে অংশ নিতে ২০০ জনের একটি দল আজ কাতারের উদ্দেশে রওনা হচ্ছে। এই দলে আছেন সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, বাদ্যযন্ত্রশিল্পী এবং সিটিসেল ও চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। থাকছেন বিশিষ্টজনেরাও।
‘সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার ২০১৩’ আয়োজনে এবার ১৬টি বিভাগে ১৯ জনকে পুরস্কার দেওয়া হবে।
ফেরদৌসী রহমান বলেন, ‘শরীরটা ভালো নেই। অনুষ্ঠানে যেতে খুব ইচ্ছে করছে। কিন্তু শেষ পর্যন্ত যেতে পারব বলে মনে হচ্ছে না। এই শরীর নিয়ে ভ্রমণ করা ঠিক হবে না। তার পরও আজীবন সম্মাননা পাওয়ার খবরটা শুনে ভালো লাগছে।’