শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ তাঁর শিল্পচর্চা ও জীবন যাপনে আজীবন এক শুদ্ধতার সাধনা করে গেছেন। যেমন ঋজু ছিল তাঁর অবয়ব, তেমনি মাথা উঁচু করেই চলেছেন সব সময়। কোনো লোভ-লালসা কিংবা আত্মপ্রচারের মোহের কাছে নত হননি। অটল থেকেছেন তাঁর নীতি ও আদর্শের ক্ষেত্রে। শুধু শিল্পী হিসেবেই নয়, ব্যক্তি মানুষ হিসেবেও তিনি অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন।গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণানুষ্ঠানে এভাবেই শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের শিল্পী ও জীবনাদর্শ তুলে ধরেন বক্তারা। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। আলোচনায় অংশ নেন শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী রফিকুন নবী, শিল্পী আবুল বারক আলভী, অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক মইনুদ্দীন খালেদ। সঞ্চালনা করেন বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী। শিল্পী সফিউদ্দীন আহমেদ গত বছরের ২০ মে ইন্তেকাল করেন।আলোচকেরা বলেন, আমাদের দেশে আধুনিক শিল্পকলার চর্চায় বিশেষত ছাপচিত্রের আধুনিকায়নে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ পথিকৃতের ভূমিকা রেখেছেন। নিজের কাজের ক্ষেত্রে তিনি সব সময়ই পরিবর্তনের প্রয়াসী ছিলেন। নিজের প্রতিষ্ঠিত শিল্পভাষা অতিক্রম করা একজন শিল্পীর পক্ষে সহজ নয়। কিন্তু তাঁর কাজের ক্ষেত্রে লক্ষ করা গেছে, গত শতকের চল্লিশের দশকে তিনি পশ্চিমবঙ্গে সাঁওতালদের জীবন ও প্রকৃতি নিয়ে যে আঙ্গিকের কাজ করেছেন, পরে পঞ্চাশের দশকে সেই আঙ্গিকের পরিবর্তন করেছেন। মাছ ও জেলেদের নিয়ে কাজের মধ্য দিয়ে এক নতুন চিত্রভাষা তিনি উপহার দিয়েছেন। আর পরে মুক্তিযুদ্ধ নিয়ে এবং বানভাসি মানুষের কাজের ক্ষেত্রে তিনি চোখ ও নৌকার গলুইতে যে আঙ্গিক ব্যবহার করেছেন, সেখানেও একটি পরিবর্তনের প্রভাব স্পষ্ট। এমনকি জীবনের শেষ পর্যায়ের কাজগুলোতেও তিনি বাঁক বদল করেছিলেন।শিল্পচর্চার পাশাপাশি তাঁর শিক্ষকতার দিকটিও এসেছিল আলোচনায়। বক্তারা এ প্রসঙ্গে বলেন, অত্যন্ত সময়ানুবর্তী ছিলেন তিনি। বরাবর নির্ধারিত সময়ে ক্লাসে এসেছেন। শিক্ষার্থীদের প্রত্যেককে দেখতেন সমান চোখে এবং খুবই যত্নের সঙ্গে শিক্ষার্থীদের নানা বিষয়ে শিক্ষা দিয়েছেন।শিল্পী সফিউদ্দীন আহমেদ ১৯১২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে কলকাতার সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা করেন। ১৯৪৮ থেকে ১৯৭৯ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশ-বিদেশে অনেক পদক ও সম্মাননা পেয়েছেন।দৃকে লুকের ফ্যাশন প্রদর্শনীদৃক গ্যালারির দেয়াল যেন পরিণত হয়েছে এক বর্ণাঢ্য ফ্যাশন শোতে। জমকালো পোশাক, তার সঙ্গে মানানসই সজ্জায় মডেলদের নজরকাড়া উপস্থাপনা উঠে এসেছে ৪২টি প্রমাণ আকারের আলোকচিত্রে। গ্যালারির দেয়ালে ঝুলছে সেগুলো।গতকাল বিকেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বিল্ডার্স ভিউ-ট্রায়ো-ফ্যাশন ফরএভার’ শীর্ষক তিন দিনের ফ্যাশনবিষয়ক এই আলোকচিত্র প্রদর্শনী।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুকের সম্পাদক ফারাহ জাবিন, প্রদর্শনীর কিউরেটর অমিতাভ দেউড়ি, ডিজাইনার শাহরুখ আমিন, রূপচর্চা বিশেষজ্ঞ আফরোজা পারভীন ও ফ্যাশন আলোকচিত্রী রফিকুল ইসলাম। প্রদর্শনী সম্পর্কে তাঁরা বলেন, ফ্যাশন ভুবনে ‘ট্রায়ে’ একটি নতুন ধারণা। এতে ফ্যাশন ডিজাইনার, রূপচর্চা বিশেষজ্ঞ ্র আলোকচিত্রী মিলে একত্রে কাজ করেছেন। দেশের ৪০ জন ফ্যাশন মডেলকে নিয়ে পোশাক ও রূপচর্চার সমকালীন ধারা তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।উদীচীর অভিনয় কর্মশালায় আবেদনের সময়সীমা বাড়লবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাটক বিভাগ আয়োজিত তিন মাসব্যাপী অভিনয়বিষয়ক কর্মশালার একাদশ আবর্তনে অংশগ্রহণের জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন ৩০ মে পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানান উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার। জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডের উদীচীর কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় নাট্যশালার চিলেকোঠা এবং শাহবাগের আজিজ সুপার মার্কেটের অভিক প্রকাশ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।