বাংলাদেশের চলচ্চিত্র ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে তৃতীয়বারের মতো দিনব্যাপী চলচ্চিত্র মেলার আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই। আগামী ১৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র মেলা। এ বছর মেলার নামকরণ করা হয়েছে ‘কিউট-চ্যানেল আই চলচ্চিত্র মেলা’। এবারের চলচ্চিত্র মেলায় অভিনেত্রী আনোয়ারাকে আজীবন সম্মাননা দেওয়া হবে। সম্মাননার সঙ্গে শিল্পীকে এককালীন দেওয়া হবে এক লাখ টাকা। চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা উজ্জ্বল, ফারুক, সোহেল রানা, আলমগীর, মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নির্মাতা চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র সংগীতে অসামান্য অবদানের জন্য ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, চলচ্চিত্রশিল্পের উন্নেয়নে চলচ্চিত্রশিল্পীদের সঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম সব সময়ই আছে। ভবিষ্যতেও থাকবে।মেলার বিভিন্ন বিষয় নিয়ে আজ সোমবার চ্যানেল আইর নিজস্ব কর্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কিউটের চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ, চলচ্চিত্র-অভিনেতা সোহেল রানা, মেলার প্রকল্প পরিচালক আবদুর রহমান। কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘এই প্রথম চলচ্চিত্র মেলার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি ও আমার প্রতিষ্ঠান অত্যন্ত গর্বিত।’ কিউট-চ্যানেল আই চলচ্চিত্র মেলা অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ, কণ্ঠশিল্পী আঁখী আলমগীর ও চিত্রনায়িকা মুক্তি।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের চলচ্চিত্রের সর্বস্তরের কলাকুশলী, তারকা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংগীত তারকাসহ বিনোদন জগত ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা এ মেলায় উপস্থিত থাকবেন। মেলায় চমক হিসেবে থাকবে ৫০-এর দশকের চলচ্চিত্রের ঘটনাবহুল প্রামাণ্যচিত্র, প্রদর্শনী, সাড়া জাগানো নাচ, গান, অভিনয় মঞ্চায়ন, রকমারি উপকরণসমৃদ্ধ ১৬টি স্টল। এ ছাড়া প্রয়াত শিল্পী-কলাকুশলীদের স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজনসহ আরও অনেক কিছু। মেলা চলকালীন বিভিন্ন সময় স্টেজ পারফর্ম করবেন টিভি, চলচ্চিত্র ও সংগীতজগতের নামীদমি তারকারা। কিউট-চ্যানেল আই চলচ্চিত্র মেলাটি ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টা থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।