আজীবন সম্মাননা পাচ্ছেন আবদুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদ

এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৬ আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ এবং কণ্ঠশিল্পী তপন মাহমুদ। রবীন্দ্র সাহিত্য চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের জন্য তপন মাহমুদকে আজীবন সম্মাননা দেওয়া হবে। চ্যানেল আই ভবন চত্বরে ৮ মে অনুষ্ঠিত হবে এ মেলা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এদিন মেলা চলাকালীন সময় এই দুই গুণীজনকে সম্মাননা দেওয়া হবে।
মেলার বিস্তারিত জানাতে এবি ব্যাংক-চ্যানেল আই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় চ্যানেল আই কার্যালয়ে। এতে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রবীন্দ্রমেলার প্রধান উপদেষ্টা বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন। এ সময় সম্মাননাপ্রাপ্ত দুই গুণী-অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্র সংগীতশিল্পী তপন মাহমুদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮মে বিকেল সাড়ে চারটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রমেলার উদ্বোধন করা হবে। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘১১ বছরে পর্দাপণ করছে রবীন্দ্রমেলা। এবারের মেলায় নতুন নতুন অনেক কিছু থাকছে রবীন্দ্র মেলায়। এই মেলাকে কেন্দ্রকে করে তিন দিনব্যাপী রবীন্দ্রকেন্দ্রিক নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে চ্যানেল আই।’
মেলার আয়োজন সম্পর্কে চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধান আমীরুল ইসলাম জানান, চ্যানেল আই চত্বরে খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সংগীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্র কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, রবীন্দ্র বিষয়ক ছবি আঁকা ইত্যাদি। মূলত রবীন্দ্রনাথের বহুমুখী চিন্তার প্রকাশ ঘটবে এই মেলায়। মেলায় আরও থাকবে ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২৫টি স্টল।