আজীবন সম্মাননা পাচ্ছেন তাঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজা লতিফ,আলম খান,ফেরদৌসী মজুমদার
রেজা লতিফ,আলম খান,ফেরদৌসী মজুমদার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রিটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’-এ এবার আজীবন সম্মাননা পাচ্ছেন তিন ক্ষেত্রের তিন গুণী। চিত্রগ্রাহক রেজা লতিফ, সুরস্রষ্টা আলম খান ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। প্রথম আলোর সঙ্গে আলাপে এই তিন গুণীর আজীবন সম্মাননা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন এই উৎসবের পরিচালক রাফি হোসেন।
২২ নভেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার আয়োজিত সেলিব্রিটিং লাইফ বা জীবনের জয়গান প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। নয় বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। বাংলাদেশের তরুণ প্রতিভাবান গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রীকে তুলে আনা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। পাশাপাশি গুণীজনদেরও সম্মানিত করা হয়।
দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে এমন সম্মাননা পেয়ে অনুপ্রাণিত আলম খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ‘সংস্কৃতির তিনটি ক্ষেত্রে কাজের স্বীকৃতির ব্যাপারটিতে আমি খুবই আনন্দিত। আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই পুরস্কার প্রাপ্তির ব্যাপারটি আমার উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন দায়িত্ব বেড়ে যাওয়ায় ভালো কাজ করার ইচ্ছা আরও বেড়ে যাবে।’
সম্মাননা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন তাহসান, অর্ণব, ব্যান্ড চিরকুট ও জলের গান।