আজীবন সম্মাননা পাচ্ছেন শাহনাজ রহমতুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনাজ রহমতুল্লাহ
শাহনাজ রহমতুল্লাহ

এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১১তম আসরটি বসবে ২৭ মে সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। আজীবন সম্মাননাসহ এবার সংগীতের মোট ১৫টি শাখায় দেওয়া হবে এ পুরস্কার।
এত দিন এই পুরস্কারের পৃষ্ঠপোষকতায় ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল। এ বছর থেকে এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিম্ফনি। পুরো আয়োজন সম্পর্কে প্রথম আলোকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) আমীরুল ইসলাম।
সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা পাওয়ার খবরটি শুনে আনন্দিত শাহনাজ রহমতুল্লাহ। প্রথম আলোকে সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘সংগীত নিয়ে চ্যানেল আইয়ের এই আয়োজন খুবই প্রশংসনীয়। সংগীতের নানা শাখায় দেওয়া এসব পুরস্কারের মাধ্যমে সংগীতকর্মীদের অনুপ্রাণিত করা হয়। শুধু সংগীত পুরস্কার নয়, চ্যানেল আই সংগীত নিয়ে অনেক বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবার তারা আমাকে যে আজীবন সম্মাননা প্রদান করছে, এতে আমি সম্মানিত বোধ করছি।’
সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রধান সমন্বয়কারী ইফতেখারুল চিশতী সুমন বলেন, ‘পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি জমকালো আয়োজন নিয়ে এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে।’
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া।
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলতে থাকা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সোহরাব হোসেন, সুধীন দাশ, সন্জীদা খাতুন, ফেরদৌসী রহমান, ফিরোজা বেগম, শাহ আবদুল করিম, আবদুর রহমান বয়াতি, সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ।