আজীবন সম্মাননা পাচ্ছেন হ্যারিসন ফোর্ড

এ বছরের জুরিখ চলচ্চিত্র উত্সবে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত বর্ষীয়ান হলিউডের অভিনেতা হ্যারিসন ফোর্ড। সুইজারল্যান্ডের জুরিখে আগামী ৪ অক্টোবর তাঁকে এ সম্মাননা দেওয়া হবে।
‘স্টার ওয়ারস’, ‘ইন্ডিয়ানা জোনস’সহ অসংখ্য ছবিতে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন ফোর্ড। অসাধারণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে হলিউডের অন্যতম সফল তারকা অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। হলিউডে তাঁর এ সাফল্যের স্বীকৃতি জানাতেই তাঁকে আজীবন সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন জুরিখ চলচ্চিত্র উত্সব কর্তৃপক্ষ।
ফোর্ডকে সম্মাননা জানানোর পাশাপাশি প্রদর্শিত হবে তাঁর অভিনীত ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের প্রথম ছবি ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ (১৯৮১)। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
এদিকে সম্প্রতি ‘এক্সপেনডেব্যলস ৩’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হ্যারিসন ফোর্ড। ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড শোয়ার্জেনেগার, জেসন স্টেথাম, জেট লি, মেল গিবসন, অ্যান্টোনিও ব্যান্ডেরাস প্রমুখ। এ ছাড়া ‘স্টার ওয়ারস: এপিসোড ৭’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয় হ্যান সলো চরিত্রে ফিরবেন হ্যারিসন ফোর্ড। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালে।