আজীবন সম্মাননা পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তী উপলক্ষে মননশীল সাহিত্য চর্চায় শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত চর্চায় কণ্ঠশিল্পী তপন মাহমুদকে আজীবন সম্মাননা দিয়েছে চ্যানেল আই। ছবি: চ্যানেল আই সৌজন্যে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তী উপলক্ষে মননশীল সাহিত্য চর্চায় শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত চর্চায় কণ্ঠশিল্পী তপন মাহমুদকে আজীবন সম্মাননা দিয়েছে চ্যানেল আই। ছবি: চ্যানেল আই সৌজন্যে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত ‘রবীন্দ্র মেলা’য় এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন মননশীল সাহিত্যচর্চায় শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীতচর্চায় কণ্ঠশিল্পী তপন মাহমুদ। হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা চেক।

সম্মাননা গ্রহণ করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘এ সম্মাননা আমাকে না দিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রকে দিলে বেশি খুশি হতাম। এটাই আমার সম্মানের স্থান।’

তপন মাহমুদ বলেন, ‘এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে আমাকে সম্মানিত করা হলো, তাতে মনে হচ্ছে আমার উচ্চতা আকাশ ছুঁয়েছে।’
এ সময় মঞ্চে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য আবদুর রশিদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ ও মুকিত মজুমদার, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (মার্কেটিং) মশিউর রহমান চৌধুরী, কবি আসাদ চৌধুরী প্রমুখ। এ সময় মঞ্চে এসে উপস্থিত হন পুরস্কার কমিটির সদস্য রেজওয়ানা চৌধুরী বন্যা।
মঞ্চে ফরিদুর রেজা সাগর বিশ্বসাহিত্য কেন্দ্রকে এক লাখ টাকার বই এবং দুস্থ রবীন্দ্রসংগীতশিল্পীদের জন্য এক লাখ টাকা চ্যানেল আই থেকে প্রদান করার ঘোষণা দেন।
আজ রোববার অনুষ্ঠান শুরু হয় শিশু-কিশোরদের সমবেত নৃত্য পরিবেশনা দিয়ে। চ্যানেল আই প্রাঙ্গণে রবীন্দ্র মেলার উদ্বোধনী পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্যরা, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, রামেন্দু মজুমদার, কবি হাবিবুল্লাহ সিরাজী, সৈয়দ সালাহউদ্দিন জাকি প্রমুখ। অনুষ্ঠানে গান শোনান সাদি মহম্মদ, তপন মাহমুদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, আজিজুর রহমান প্রমুখ।
মেলায় ‘প্রিয় রবীন্দ্রনাথের প্রেমের গান’ নামে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে একটি অডিও সিডির মোড়ক উন্মোচন করেন আগত অতিথিরা। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান নির্বাচিত এ সিডিতে রবীন্দ্রনাথের ১০টি গান রয়েছে। সিডিটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। মেলায় নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নৃত্য ছাড়াও রবীন্দ্রবিষয়ক ছবি এঁকেছেন শিল্পীরা। আরও ছিল ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল।