আজীবন সম্মাননা পেলেন আবিদা পারভীন
আজীবন সম্মাননায় ভূষিত হলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আবিদা পারভীন। ভারতের প্রখ্যাত গজলশিল্পী প্রয়াত বেগম আখতারের নামে প্রতিষ্ঠিত ‘কলাধর্মী বেগম আখতার অ্যাকাডেমি অব গজল’ থেকে সম্প্রতি এ সম্মাননা দেওয়া হয়েছে আবিদা পারভীনকে।দূরদর্শনের মহাপরিচালক ত্রিপুরানি শরণের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেছেন আবিদা পারভীন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘বেগম আখতার অ্যাকাডেমি অব গজল থেকে এই আজীবন সম্মাননা পেয়ে সম্মানিত বোধ করছি। কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হলে বরাবরই অনেক গর্ব হয় আমার। আজ এই সম্মাননা পেয়ে আরেকটি গর্বিত মুহূর্ত যুক্ত হলো আমার জীবনে। সবাইকে অনেক ধন্যবাদ।’সম্মাননা পাওয়ার পর ভক্তদের অনুরোধে বিখ্যাত ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি গেয়ে শোনান ৫৮ বছর বয়সী এই পাকিস্তানি সংগীতশিল্পী। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে স্ক্রিন ইন্ডিয়া।পাকিস্তানের সিন্ধু প্রদেশে আবিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালে। সংগীত পরিবারে বেড়ে উঠেছেন তিনি। গানে হাতেখড়ি হয়েছিল বাবা ওস্তাদ গুলাম হায়দারের কাছে। মূলত তখনই সংগীতকে পেশা হিসেবে নেওয়ার ভিত্তি পেয়ে গিয়েছিলেন আবিদা। ১৯৭৩ সালে রেডিও পাকিস্তানে গান গাওয়ার মধ্য দিয়ে পেশাজীবন শুরু করেন ১৯ বছর বয়সী আবিদা।গজল গানের পাশাপাশি সুফি গানেও দারুণ পারদর্শিতা রয়েছে আবিদার। বর্তমান সময়ের সেরা সুফি সংগীতশিল্পীদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। এখন পর্যন্ত উর্দু, সিন্ধি, পাঞ্জাবি ও পার্সিয়ান ভাষায় অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন গুণী এ শিল্পী। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দমা দম মাস্ত কালান্দার’, ‘তেরে ইশক নাচায়া’, ‘কুচ ইস আদা সে আজ’, ‘কাফিয়ান বুল্লে শাহ’ প্রভৃতি।কাজের স্বীকৃতি হিসেবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘প্রাইড অব পারফরমেন্স’ এবং ‘সিতারা-ই-ইমতিয়াজ’-এ ভূষিত হয়েছেন আবিদা পারভীন। সম্প্রতি ভারত ও পাকিস্তানের প্রতিযোগীদের অংশগ্রহণে ‘সুরক্ষেত্র’ নামের সংগীত প্রতিভা অন্বেষণমূলক টিভি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আবিদা।