আজীবন সম্মাননা পেলেন মুহম্মদ খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রাণপুরুষ মুহম্মদ খসরুকে আজীবন সম্মাননা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ‘হীরালাল সেন’ পদক পায় শঙ্খচিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’ অনুষ্ঠানের সমাপনী দিনে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পেয়ে অনুভূতি জানিয়ে মুহম্মদ খসরু বলেন, ‘আজ আমাকে যে সম্মান দিলেন, তার কোনো তুলনা নেই। আমি আশা করি এ সংসদ আরও এগিয়ে যাবে। যখন ফিল্ম সোসাইটি আন্দোলন ঝিমিয়ে পড়েছে, তখন বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সোসাইটিগুলো আমাদের আশা জাগাচ্ছে।’

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা আনন্দিত যে মুহম্মদ খসরুর মতো মানুষ আজ এখানে আমাদের মাঝে আছেন। চলচ্চিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তাঁর যে অবদান, এটা অসামান্য। এই পথিকৃৎদের সঙ্গে বর্তমান প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের পরিচয় করানো দরকার।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক ও নির্মাতা মসিহ উদ্দিন শাকের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিম, চলচ্চিত্র গবেষক মঈনুদ্দীন খালেদ, নির্মাতা শামীম আখতার।

এ ছাড়া অনুষ্ঠানে ২০১৬ সালের শ্রেষ্ঠ ছবি হিসেবে ‘হীরালাল সেন’ পদক পায় শঙ্খচিল। ছবির অভিনয়শিল্পী কুসুম সিকদার পদক গ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী উৎসব শুরু হয় ১০ ফেব্রুয়ারি। দেখানো হয় ২১টি চলচ্চিত্র।