আজীবন সম্মাননা পেলেন রফিকুল ইসলাম ও মুস্তাফা জামান আব্বাসী
ঝোড়ো হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টি ছিল প্রায় সারা দিন। কিন্তু এর কোনোটিই বাগড়া দিতে পারেনি তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে আয়োজন করা নজরুল মেলায়। গান, কবিতা আর নাচের মধ্য দিয়ে উদ্যাপিত হলো প্রিয় কবির জন্মজয়ন্তী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই ও বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি যৌথভাবে এই মেলার আয়োজন করে।নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক রফিকুল ইসলাম ও নজরুলসংগীত সাধনার জন্য মুস্তাফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে মেলায়। তাঁদের প্রত্যেককে দেওয়া হয়েছে চ্যানেল আই ও অটবির পক্ষ থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়া দেওয়া হয়েছে ক্রেস্ট, উত্তরীয় ও জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে আজীবন বিনা মূল্যে চিকিৎসা সেবাসনদ। সম্মাননা তুলে দেন প্রখ্যাত সংগীতশিল্পী সুধীন দাশ, সোহরাব হোসেন, ফেরদৌসী রহমান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু। বেলা সাড়ে ১১টায় শুরু মেলার প্রথম আয়োজন ছিল সম্মাননা প্রদান ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। পরে বসে মেলা। এতে বসেছিল নজরুলের গ্রন্থমালা, নজরুলের ওপর রচিত গ্রন্থমালা, আলোকচিত্র প্রদর্শনী, নজরুলসংগীতের রেকর্ড কাভার, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমী, সুরের মেলা, নজরুলের ব্যবহার্য প্রদর্শনী নিয়ে বিভিন্ন সামগ্রীর স্টল। এ ছাড়া মেলা মঞ্চে একক সংগীতের আয়োজন করা হয়। মঞ্চে আরও ছিল শিশুদের নৃত্য, দলীয় সংগীত, কবিতা আবৃত্তি ও নজরুলবিষয়ক আলোচনা। ফাঁকে মেলা প্রাঙ্গণে কবির নানা বিষয় নিয়ে ছবি আঁকেন দেশের প্রথিতযশা শিল্পীরা।