স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও দ্য ডেইলি স্টার আয়োজিত ‘জীবনের জয়গান উৎসব’ এর দশ বছর পূর্তি অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা পুরস্কার’ পেলেন তিন গুণী ব্যক্তিত্ব। চলচ্চিত্রে অবদানের জন্য সুচন্দা, সংগীতে সাবিনা ইয়াসমিন ও আলোকচিত্রে নাসির আলী মামুন।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি মিলনায়তনে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার এ. আনোয়ার।
আজীবন সম্মাননা ছাড়াও উৎসবে গীতিকবিতা, আলোকচিত্র ও চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনকে দেওয়া হয় পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট। প্রতিযোগিতায় গীতিকবিতা বিভাগে প্রথম হয়েছেন সালমা মুন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জাহাঙ্গীর আলম ও হিরেন্দ্র নাথ মৃধা। আলোকচিত্র বিভাগে প্রথম হয়েছেন হাসান মাহমুদ প্রত্যয়। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মোহাম্মদ খালিদ রায়হান শাওন ও আহমেদ রাকিব। এ বছর চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ নবাগত চলচ্চিত্রকার হিসেবে পুরস্কৃত হয়েছেন নুহাশ হুমায়ূন।
এর আগে মুর্তজা কবির মুরাদ ও তাঁর দল আরোহ-এর সদস্যদের বাঁশির মূর্ছনায় শুরু হয় এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বাউল শফি মণ্ডল, দোলা, জেফারসহ আরও অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এবারের আয়োজনে গীতিকবিতা জমা পড়ে প্রায় ৯০০টি, স্থিরচিত্র প্রায় দুই হাজারটি ও চলচ্চিত্র ২৭টি। সেখান থেকে কাজের ভিত্তিতে সেরাদের নির্বাচন করেছেন দেশের স্বনামধন্য বিচারকেরা। এবার গীতিকবিতা বিভাগে বিচারক হিসেবে ছিলেন আবিদ আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান ও মুন্সী ওয়াদুদ। আলোকচিত্র বিভাগে ছিলেন আবীর আবদুল্লাহ, শফিকুল আলম কিরণ ও তাসলিমা আক্তার লিমা। চলচ্চিত্র বিভাগে ছিলেন শামীম আক্তার ও মেজবাউর রহমান সুমন।
২০১৬ সাল থেকে আলোকচিত্র ও গীতিকবিতা বিভাগের প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক লাখ টাকা। দুটি বিভাগেই দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পান যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। চলচ্চিত্র বিভাগে প্রামাণ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পায় দুই লাখ টাকা করে এবং শ্রেষ্ঠ নবাগত চলচ্চিত্রকার পান ৫০ হাজার টাকা। আজীবন সম্মাননা পুরস্কারসহ ২০১৭ সালে মোট পুরস্কারের অঙ্ক ১৭ লাখ টাকা।
২০০৮ সালে শুরু হওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার ‘জীবনের জয়গান উৎসব’ প্রতি বছর বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরের বিষয় ছিল ‘বৈচিত্র্যময় বাংলাদেশ’। গত নয় বছরে পুরস্কার পাওয়া প্রতিভাবানেরা নিজ নিজ ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন সাফল্যের সঙ্গে।