আজীবন সম্মাননা ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সারির একটি চেয়ারে বসেছিলেন তিনি। ক্লান্তির ছাপহীন শান্ত-সৌম্য চেহারা। অনুষ্ঠান শুরু হয়নি তখনো। সফেদ পাজামা-পাঞ্জাবিতে ঢাকা শরীর। বুকপকেটে একটি কলম। ঢোলা পাজামায় তাঁর কালের ছোঁয়া।অতিথিরা নিজ নিজ আসনে বসছেন। একটু পরই শুরু হবে মূল অনুষ্ঠান।তাঁর কাছে গিয়ে দাঁড়াই। বলি, ‘জানি, যেকোনো পুরস্কারের চেয়ে অনেক বড় আপনার অর্জন। তার পরও আজ, আজীবন সম্মাননা পাওয়ার আগে, আপনার অনুভূতি জানাবেন?’‘অনুভূতি...? পুরস্কৃত হতে সবাই ভালোবাসে। আমি আনন্দিত। আপ্লুত। সারা জীবনে যেটুকু কাজ করেছি, তার যে স্বীকৃতি পেলাম, তা শেষ জীবনের পাথেয় হয়ে থাকবে বলে মনে করি।’সুধীন দাশ নিঃসন্দেহে আলোকিত একজন মানুষ। আমাদের সংগীতভুবনকে আলোকিত করার ক্ষেত্রে যাঁদের রয়েছে অসাধারণ অবদান, তাঁদেরই প্রতিনিধি তিনি। কয়েক মিনিটের কথাবার্তায় অনুভব করা যায়, বিনয় কোন উচ্চতায় পৌঁছে দিয়েছে মানুষটাকে।অনুষ্ঠানের একপর্যায়ে যখন বড় দুটি পর্দায় দেখা গেল সুধীন দাশকে, শোনা গেল তাঁর অর্জনের ধারাবর্ণনা, তখন অদ্ভুত দ্যুতি এসে যেন ছেয়ে গেল মিলনায়তন। ঘোষণা করা হলো, আজীবন সম্মাননা পেয়েছেন সুধীন দাশ।তিনি মঞ্চে এলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে গেল পুরো মিলনায়তন। তাঁর হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া এবং উত্তরীয় পরিয়ে দেওয়ার কাজটি করলেন আরেকজন গুণী শিল্পী কাইয়ুম চৌধুরী। সঙ্গে ছিল একটি চেক। তাঁকে সম্মান জানানোর জন্য মঞ্চে ছিলেন মতিউর রহমান ও অঞ্জন চৌধুরী।সুধীন দাশ হাতে নিলেন মাইক্রোফোন। তাঁর কণ্ঠ থেকে বেরিয়ে এল সংগীতের প্রতি ভালোবাসা; বিশেষ করে, নজরুলসংগীত নিয়ে বলার সময় তাঁর বলিষ্ঠ কণ্ঠে উঠে এল হিরণ্ময় এক অঙ্গীকারের কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বভারতীর মাধ্যমে তাঁর গানগুলোকে রক্ষা করে গেছেন। কিন্তু দারিদ্র্যপীড়িত কাজী নজরুল সে সুযোগ পাননি। নজরুল গান লিখেছেন তিন হাজারেরও বেশি। সেগুলো সংরক্ষণের আগেই তিনি নির্বাক হয়ে গেলেন। ‘আমি চেষ্টা করেছিলাম সেই সংগীতগুলো উদ্ধার করতে। কিন্তু ৫০ বছর অক্লান্ত পরিশ্রম করেও আমি নজরুলের ২০ বছরের সৃষ্টিসাগরের তল পাইনি।’ বললেন তিনি।কাইয়ুম চৌধুরীকে বলি, ‘আপনি তো সুধীন দাশের হাতে তুলে দিলেন সম্মাননা। জানতে চাই আপনার অনুভূতি।’‘যোগ্য মানুষের হাতে তুলে দিতে পেরেছি, এ আমার সৌভাগ্য। নজরুলসংগীত ছড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি জীবন্ত এক কিংবদন্তি। এই গান সংরক্ষণের নির্দেশনা দেওয়া, গায়কি, সুর ঠিক রাখার দায়িত্ব পালন করেছেন সুধীনদা।’সুধীন দাশের বলা শেষ কথাগুলো যেন গেঁথে গিয়েছিল মনে। বলছিলেন তিনি, ‘অন্তিমের ডাক শুনতে পাচ্ছি। জীবনসায়াহ্নে দাঁড়িয়ে আমি এই পুরস্কার পেয়ে আবেগাপ্লুত।’‘অন্তিমের ডাক’, ‘জীবনসায়াহ্ন’ শব্দবন্ধগুলো কানে যাচ্ছিল ঠিকই, কিন্তু তাঁর দিকে তাকাতেই মনে হচ্ছিল, অমরত্বে যাঁর অধিকার অর্জন হয়ে গেছে, তাঁর সঙ্গে এই শব্দগুলো একেবারেই যায় না।