আজীবন সম্মাননায় আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রাবতী একাডেমি আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনিসুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আবুল মাল আবদুল মুহিত ষ ছবি: প্রথম আলো
চন্দ্রাবতী একাডেমি আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনিসুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আবুল মাল আবদুল মুহিত ষ ছবি: প্রথম আলো

আয়োজন অনাড়ম্বর, তবে নিখাদ শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় উষ্ণ। গতকাল শরতের শেষ বেলায় শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে দেশের বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আজীবন সম্মাননা জানাল চন্দ্রাবতী একাডেমি।
বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি এবং প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর নামে ২০০০ সালে প্রতিষ্ঠিত এই একাডেমি দেশের সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও চর্চায় কাজ করছে। তাদের কার্যক্রমের অংশ হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুজ্জামানের দীর্ঘদিনের বন্ধু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর হাতে সম্মাননা স্মারক ও অর্থ মানের এক লাখ টাকার পে-অর্ডার তুলে দেন। উত্তরীয় পরিয়ে দেন বিশেষ অতিথি মানবাধিকারকর্মী সুলতানা কামাল। শিল্পী কাইয়ুম চৌধুরী তাঁর আঁকা প্রতিকৃতি উপহার দেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিল্পী বীরেন সোম। এ উপলক্ষে একাডেমি থেকে প্রকাশিত আনিসুজ্জামানের জীবনের নানা মুহূর্তের ছবি এবং তাঁর জীবন ও কর্ম নিয়ে মাহফুজুর রহমান সম্পাদিত বই আকাশ আমায় ভরল আলোয়-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
সম্মাননার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভবিষ্যতে আমার কথা মানুষের মনে কীভাবে থাকবে তা জানি না। যা কর্তব্যবোধ করেছি তা করেছি। দেশের কথা ভাবলে যে ভাবমূর্তি কল্পনায় আসে তা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তৈরি। তা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। সবাই মিলে হাত মিলিয়ে কাজ করলে এগোনো যাবে।’
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান। প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত আনিসুজ্জামানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতি থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরেন। বলেন, গভীর জ্ঞান ও উপলব্ধি থেকে তিনি যেকোনো বিষয়কে অত্যন্ত সহজবোধ্যভাবে সাবলীল ভাষায়, সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে পারেন।
বিশেষ অতিথি অধ্যাপক গোলাম মুস্তাফা আনিসুজ্জামানের কর্মজীবনের বিশেষ অবদানগুলোর মূল্যায়ন করে বলেন, তিনি বাঙালির আত্মপরিচয়ের বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। কেবল প্রাতিষ্ঠানিক গবেষণায় সীমিত থাকেননি। দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার থেকে তিনি কাজ করেছেন।
আনিসুজ্জামানের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের পারিবারিক জীবনের নানা ঘটনার স্মৃতিচারণা করেন বিশেষ অতিথি সুলতানা কামাল। তিনি বলেন, আনিসুজ্জামান সারা জীবনে সামাজিক মানুষ হওয়ার সাধনা করেছেন।
সভাপতির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘জীবিত অবস্থায় গুণীজনকে সম্মান জানানোর রীতি আমাদের মধ্যে তেমন প্রচলিত নয়। চন্দ্রাবতী একাডেমি তাঁকে সম্মাননা প্রদান করে একটি জাতীয় দায়িত্বই সম্পন্ন করেছে। কারণ তাঁর কাছে আমরা বহুভাবে ঋণী।’