কাল'কৃষ্ণকলি'র প্রচার শুরু
খ্যাতিমান চলচ্চিত্রকার, অভিনেতা ও লেখক আমজাদ হোসেনের রচিত ধারাবাহিক নাটক ‘কৃষ্ণকলি’র প্রচার শুরু হচ্ছে আগামীকাল। সপ্তাহের মঙ্গল থেকে শনিবার রাত সাড়ে ১১টায় চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি। এটি পরিচালনা করেছেন সোহেল আরমান।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, পরিচালনার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেছেন আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান। নাটকের অন্যান্য চরিত্রে আছেন কে এস ফিরোজ, প্রাণ রায়, এস এ হক অলিক, অহনা, বৃষ্টি, তারেক মাহমুদ সাজ্জাদ, মাসুদ আলী খান প্রমুখ।
‘কৃষ্ণকলি’ নাটকের কাহিনিতে দেখা যাবে, বাবা-মা আদর করে কালো মেয়ের নাম রেখেছে জোছনা। এই চরিত্রে অভিনয় করেছেন বৃষ্টি। কালো মেয়েটাকে গ্রামের কেউ ভালোবাসে না; তারা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। কেউ কেউ কালো বলে তিরস্কারও করে। একদিন এই কালো মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু বরসহ বিয়ের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। যদি বরের জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, তাহলে জোছনার কী হবে? জোছনার বাবা এ দুঃখ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালায়। গ্রামের এক যুবক জোছনার বাবাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও জোছনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না।