আট ছয় পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঘোষিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮। এবার চন্দ্রগ্রহণ, কী জাদু করিলা, মেঘের কোলে রোদ—এই তিনটি ছবিই বিভিন্ন বিভাগে অধিকাংশ পুরস্কার ঘরে তুলেছে। তিন ছবির তিন কুশলী—রিয়াজ, পপি ও মুরাদ পারভেজকে নিয়ে এই আড্ডা।আনন্দ প্রতিবেদকজাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮-এর ফলাফলের যে পরিসংখ্যান, তাতে তিনটি ছবির জয়জয়কার। চন্দ্রগ্রহণ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ জিতেছে মোট আটটি পুরস্কার; কী জাদু করিলা সেরা অভিনেতার পুরস্কারসহ মোট ছয়টি পুরস্কার; আর সেরা অভিনেত্রীর পুরস্কারসহ মেঘের কোলে রোদ ছবিটি জিতে নিয়েছে মোট পাঁচটি পুরস্কার। এ ছাড়া দুটি বিভাগে এক টাকার বউ ও আমার আছে জল এবং একটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে স্বপ্নপূরণ।২০০৮ সালের সেরা পরিচালক মুরাদ পারভেজ (চন্দ্রগ্রহণ), সেরা অভিনেতা রিয়াজ (কী জাদু করিলা), সেরা অভিনেত্রী পপি (মেঘের কোলে রোদ)—তিনজনের মধ্যে রয়েছে অনেক মিল। প্রথমত, তিনজনই খুলনা অঞ্চলের। যে তিনটি চলচ্চিত্র এবার সর্বাধিক পুরস্কার লাভ করেছে, সেই তিনটি চলচ্চিত্রেরই নায়ক রিয়াজ। দুটি ছবিতে অভিনয় করেছেন পপি; আর জীবনের প্রথম ছবি বানিয়েই মুরাদ পারভেজ পেলেন চলচ্চিত্রে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি। তিনজনকে নিয়ে একটা আড্ডা হবে। কিন্তু কোথায়?পপি বললেন, ‘গুলশানের কোথাও।’ রিয়াজ বললেন, ‘ভাই, আমার অফিস উত্তরায়। নতুন ব্যবসাপ্রতিষ্ঠান। অফিসে অনেক কাজ পড়ে আছে। উত্তরায় করতে হবে।’পপি বাদ সাধলেন। অভিমান তাঁর কণ্ঠে। ‘আমি তো আর শাবনূর-পূর্ণিমা নই যে আমার অনুরোধ রিয়াজ রাখবে।’ কথাটি জেনে রিয়াজ নিজেই পপিকে ফোন করলেন। তাঁর সমস্যার কথা বুঝিয়ে বললেন। এবার মিলল পপির সম্মতি। বেলা ১১টার মধ্যেই তিনজন উপস্থিত হলেন উত্তরায় ফায়ার অন আইস রেস্টুরেন্টে। শুরুতেই কথা হলো পুরস্কার নিয়ে। কেমন হয়েছে এবারের পুরস্কার?রিয়াজ বললেন, ‘সব মিলিয়ে তো মনে হচ্ছে ভালো হয়েছে।’ পপির মতে, ‘পুরস্কার ভালো হয়েছে, তবে পুরস্কার দিয়েই যেন মনে না করা হয় যে সবকিছু শেষ। সরকারের আরও কিছু দায়িত্ব নেওয়া উচিত; বিশেষ করে চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। কিন্তু আমরা দেখছি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর আমাদের প্রতি আর কেউ দৃষ্টি দেয় না। কয়েকটি অনুষ্ঠানে দাওয়াত পাই; কিন্তু আমরা শুধু দাওয়াত কার্ড চাই না। চাই সহযোগিতা, চাই আমাদের চলচ্চিত্রের উন্নয়ন।’ তাঁকে সমর্থন দিলেন পরিচালক মুরাদ পারভেজ।‘আমার একটাই অনুরোধ—একটি পুরস্কারের মাধ্যমেই যেন সব দায়িত্ব না শেষ হয়। ভালো কাজ করে আমরা যারা পুরস্কার পেতে যাচ্ছি, তাদের যেন সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। পরে ভালো ছবি নির্মাণের জন্য যেন অনুদান দেওয়া হয়।’ মুরাদ পারভেজ আরও বললেন, ‘আমার কাছে মনে হয়েছে যে পুরস্কারের কোথাও একটু ভারসাম্য রক্ষা হয়েছে। আমি বিচারকদের প্রতি সম্মান রেখেই বলছি, হয়তো তাঁরা শিল্পীর কাজ ও গুণাগুণ বিচার করেই রায় দিয়েছেন। তার পরও বলব, এবারের পুরস্কার নিয়ে এখনো কোনো বিতর্কের কথা শোনা যায়নি।’ রিয়াজ মুরাদের একটি বিষয়ে ভিন্ন মত পোষণ করে বললেন, ‘পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা হয়েছে, এটা ঠিক নয়।’পপি দুজনের মতামত শুনে নিজের মত দিলেন। বললেন, ‘কাজটাই আসলে এখানে মুখ্য। তবে কাকে পুরস্কার দেওয়া হচ্ছে, সেটাও বিবেচনায় নিয়ে আসাটা জরুরি।’২০০৮ সালের পুরস্কারে যে তিনটি চলচ্চিত্রের জয়জয়কার, সেই ছবিগুলোর কোনোটিই প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি কেন?রিয়াজ বললেন, ‘জনতা কেন ছবি দেখবে? একটি প্রেক্ষাগৃহে গিয়ে মানুষ যেভাবে বিনোদিত হতে চায়, আমি-আপনি কি সেই পরিবেশ নিশ্চিত করতে পারছি? এবার ভালো ছবি হিসেবে যে তিনটি ছবি বিবেচনায় এসেছে, এই ছবিগুলো ঠিকই মানুষ দেখত, যদি আরও ২০টি সিনেপ্লেক্স থাকত। আমরা কিন্তু ভালো খাবার বেশি দাম বলে নিই না। ভেজাল খাবার কম দামে পেলে ঠিকই নিই এবং খেয়ে অসুস্থ হয়ে পড়ি। তার পরও কি আমি বা আপনি একটু বেশি টাকা দিয়ে ভালো খাবার নিচ্ছি? সে রকম হয়েছে আমাদের সিনেমার বেলায়। জনতা হুজুগে ছুটছে। সিনেমার ভালো-মন্দ হয়তো তারা বিচার করে না, তাই এই তিনটি ছবি দর্শকের আনুকূল্য পেল না।’পপির মতে, এই ব্যর্থতা শুধু আমাদের একার নয়। সবাই এর জন্য দায়ী। ‘যাঁরা ভালো ছবির কথা বলেন, তাঁরা যদি প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতেন, তাহলে দর্শকের অভাব হতো না।’সিনেমা দর্শকদের জন্য—এ কথা মুরাদ নিজেই স্বীকার করেন। বললেন, ‘এ জন্য এখন সরকারের উচিত, যে ছবিগুলো পুরস্কার পেয়েছে বা ভালো ছবি যেগুলো আছে, সেগুলোর জন্য জেলা শহরের প্রেক্ষাগৃহের কর মওকুফ করে দেওয়া। তাহলেই প্রেক্ষাগৃহের মালিকেরা এগিয়ে আসবেন। না হলে সাধারণ মানুষের কাছে ভালো ছবি নিয়ে যাওয়াটা কষ্টকর হয়ে পড়বে।তিনজনের কাছেই জানতে চাওয়া হয়েছিল, তাঁদের ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটি করে ঘটনার কথা।রিয়াজ শোনালেন কী জাদু করিলা ছবির শুটিংয়ের একটি ঘটনার কথা।‘ছবিতে পপি অন্ধ থাকে। ওই অবস্থাতেই ওর সঙ্গে আমার সম্পর্ক হয়। যখন ওর চোখ ভালো হয়ে গেল, তখন ও জানে যে আমিই ওর ভালোবাসার মানুষটি। একদিন দেখলাম, ও গাড়িতে করে চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর কাছে ছুটে যাচ্ছি। ওর গাড়ির গ্লাসে হাত দিয়ে গ্লাস খোলার অনুরোধ করছি আর কান্না করছি। পপি আমাকে ভিক্ষুক মনে করে ১০ টাকা দিয়ে চলে যায়। চরিত্রের সঙ্গে আমি এতটাই জড়িয়ে গিয়েছিলাম যে, খেয়াল করে দেখলাম, আমি অঝরে কাঁদছি। শুটিং শেষ, কিন্তু আমার কান্না আর থামেনি। এখনো এই দৃশ্যটির কথা মনে হলেই আমার মন যেন কেমন হয়ে যায়।’পপি মেঘের কোলে রোদ ছবিতে কাজ করতে গিয়েছিলেন মালয়েশিয়াতে। ‘সেখানে যাওয়ার পর, টুইন টাওয়ারে পরিচালক নার্গিস আক্তার আমাকে, রিয়াজকে ও টনি ডায়েসকে নিয়ে গেলেন। শুটিং করতে যাব, তখন জানানো হলো, শুটিং করার অনুমতি নেই। সারা দিন বসে থাকলাম। মনটা খুবই খারাপ হলো। এত সুন্দর একটি জায়গায় এসেছি, আর শুটিং না করেই চলে যাব। বিকেলের দিকে পরিচালক হাসতে হাসতে এলেন এবং বললেন, আমরা শুটিং করব এখানেই। দারুণ খুশি হয়েছিলাম সেদিন আমরা।’মুরাদ শোনালেন দুঃসাহসিক এক ঘটনা। ‘তখন উল্লাপাড়া গিয়েছিলাম চন্দ্রগ্রহণ ছবির শুটিং করতে। রিয়াজ ভাই যাওয়ার পর মানুষের ভিড় এতটাই বেড়ে গেল যে, শুটিং বন্ধ করে দিতে হলো। এরপর গেলাম একটি রেললাইনের সেতুতে শুটিং করতে। সেখানে অনেক মানুষের ভিড়। আমার সহকারী মোস্তফা গেল মানুষ সরাতে। সেতুর ওপর যখন উঠে মাঝ পর্যায়ে গেছে ও, তখন হঠাত্ ট্রেনের শব্দ। ছেলেটি যে আবার ফিরে আসবে, সে উপায়ও ছিল না। ততক্ষণে ট্রেন সেতুর দোরগোড়ায়। আবার সেতু যে পার হবে, সে উপায়ও নেই। আমরা দেখছি, চোখের সামনে একটি ছেলে মারা যাচ্ছে। সবাই সেই দৃশ্য দেখছি। সেতুর কাছেই ছিল আরেক সহকারী। হঠাত্ ও ছুটে গিয়ে মোস্তফাসহ একটি পিলার ধরে ঝুলে থাকল। চোখের পলকে কী করে সেদিন ঘটনাটি ঘটল, তা এখনো মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। অনেক বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম আমরা।’