আট নারী পেলেন সুফিয়া কামাল সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আটজন বিশিষ্ট নারীকে দেওয়া হলো সুফিয়া কামাল সম্মাননা পদক। তাঁরা হচ্ছেন: ভাষাসংগ্রামী হালিমা খাতুন, সুফিয়া আহমেদ, রওশন আরা বাচ্চু ও প্রতিভা মুৎসুদ্দি; বাংলাদেশ পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস, বেলাবর কৃষক ফরিদা বেগম, সাভারের শ্রমজীবী আরতী রানী, কাউখালীর স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি মমতা শিকদার।
কবির জন্মদিন উপলক্ষে গতকাল সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজন করে কবি সুফিয়া কামাল স্মারক বক্তৃতা। ‘সুফিয়া কামালের সাহিত্য: মানবতাবাদ ও নারীর অধিকার’ শিরোনামে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান বেগম আকতার কামাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আয়শা খানম।