আট নারীকে সম্মাননা দিল আরটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দেশের আট নারীকে দেওয়া হলো ‘জয়া আলোকিত নারী-২০১৬’ সম্মাননা। এই সম্মাননা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এই নিয়ে চতুর্থবারের মতো এই সম্মাননার প্রদানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার এই সম্মাননার আয়োজনটি বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।


বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘জয়া আলোকিত নারী-২০১৬’ সম্মাননা পাওয়া আট নারী হলেন (শিক্ষায়) জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ, (সংগীতে) রুনা লায়লা, (ভাষা আন্দোলনে) ভাষাসৈনিক রওশান আরা বাচ্চু, (অভিনয়ে) কোহিনূর আখতার সুচন্দা, (সাহিত্যে) নাসরিন জাহান, (নারী উদ্যোক্তা) গোলাপ বানু, (ক্রীড়ায়) মাবিয়া আক্তার ও মাহফুজা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সংসদ সদস্য কবরী সারোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কবি আসাদ চৌধুরী, গাজী মাযহারুল আনোয়ার, সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমান, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ।

সম্মাননা প্রদানের এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা ও কণা। বাংলা সাহিত্যের বিখ্যাত আট উপন্যাস নিয়ে নির্মিত চলচিত্রের আট নারীকে নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ র‍্যাম্প শো। নৃত্য পরিবেশন করেন লায়লা হাসান, অপি করিম ও রিচি সোলায়মান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা ফেরদৌস।