আট বছর পর চলচ্চিত্রের গানে আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর আবারও চলচ্চিত্রের সুর ও সংগীত পরিচালনার কাজ করছেন বাংলাদেশের রক লিজেন্ডখ্যাত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। চলচ্চিত্রটির নাম ‘টেলিভিশন’। ছবিটির শুধু একটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন তিনি। আইয়ুব বাচ্চুর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দেবে ব্যান্ড চিরকুট।এই দীর্ঘ বিরতি প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে আইয়ুব বাচ্চু বলেন, ‘সেভাবে কোনো ছবি পছন্দ না হওয়াতে কাজ করা হয়নি। টেলিভিশন চলচ্চিত্রের গল্পটা শুনে ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হয়েছি। সত্যি কথা বলতে কী, আমার যখন ভালো লাগে না তখন ছবির সংগীত পরিচালনার কাজ করতে ইচ্ছে করে না।’আইয়ুব বাচ্চু সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিটির সংগীত পরিচালনার কাজ করেছিলেন। ছবিতে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘আমি তো প্রেমে পড়িনি’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।টেলিভিশন চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পীরা হলেন—মোশাররফ করিম, তিশা ও চঞ্চল চৌধুরী। আইয়ুব বাচ্চু বর্তমানে আরটিভির জন্য নির্মিত ‘আর মিউজিক’ অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।দীর্ঘ কয়েক বছর বিরতির পর আবারও নতুন করে অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি। তবে এবারের অনুষ্ঠানটি নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি। প্রতি পর্বেই থাকছে নতুন আর পুরোনোর মেলবন্ধন। দুজনই জনপ্রিয় শিল্পী—একজন এ প্রজন্মের, অন্যজন জ্যেষ্ঠ। আর মিউজিক অনুষ্ঠানটির প্রচার শুরু হচ্ছে ১৪ জুন।