আট বছরে এবিসি রেডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাত পেরিয়ে আনুষ্ঠানিক সম্প্রচারের আট বছরে পা দিল এবিসি রেডিও এফএম ৮৯.২। এবিসি রেডিও এখন শ্রোতাপ্রিয়তায় ১ নম্বরে। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশায় শুরু হলো এবিসি রেডিওর নতুন বছরের পথচলা। ২০০৯ সালের ৭ জানুয়ারি বাণিজ্যিক পরিচালনা শুরু করেছিল এবিসি রেডিও।
জন্মদিনে বর্ণিল সাজে সেজেছে এবিসি কার্যালয়। এ উপলক্ষে প্রচারিত হচ্ছে দিনব্যাপী এবিসি রেডিওর বিশেষ অনুষ্ঠান। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এবিসি রেডিওর কার্যালয়ে উপস্থিত থাকবেন লিংকন, রাফা, হৃদয় খান, পারভেজ, জয়সহ দেশের জনপ্রিয় তরুণ গায়ক ও শিল্পীরা। এ ছাড়া রাত নয়টা থেকে এবিসির বিশেষ ব্যান্ড আয়নার গান শুনতে পারবেন। জন্মদিনের এই শুভক্ষণে এবিসি রেডিওর সব শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
এবার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৬ উদ্যাপন অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ বিকেল চারটায় প্রথম আলোর সম্পাদক ও এবিসি রেডিওর পরিচালক মতিউর রহমান কেক কেটে কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবেন। এবিসি রেডিওর সব কর্মী এ সময় উপস্থিত থাকবেন। এ ছাড়া এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালালউদ্দিন আকন্দ ও প্রধান পরিচালন কর্মকর্তা ড্যানিয়েল আফজালুর রহমানও উপস্থিত থাকবেন।
৯ জানুয়ারি বিকেল চারটায় ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমান, পরিচালনা পর্ষদ ও এবিসি রেডিওর সব কর্মী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবেন।