আট রূপে সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদে এক ঘণ্টার নাটকে তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সজল। প্রেম, সুখে অসুখে নামের ওই নাটকটি পরিচালনা করেছিলেন মাতিয়া বানু শুকু। এবার এক ঘণ্টার একটি নাটকে আটটি চরিত্রে অভিনয় করলেন সজল। এ নাটকে কখনো তাঁকে ৬০ বছরের বৃদ্ধ, ১৯ বছরের যুবক, পিয়ন, অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, মাস্তান, ফকির, রিকশাওয়ালা আবার কখনো লিফটম্যানের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। নাটকের নাম বিষ অথবা একশ ফোঁটা জল, রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকে সজলের সহ-অভিনেত্রী হলেন নওশীন।নাটকের গল্পে একটি অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাঁর অধীন কর্মচারীর নানা মতানৈক্যের ব্যাপারটা তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, প্রথমে যখন গল্পটি শুনেছিলাম কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। পরে অবশ্য পরিচালকের সহযোগিতায় কাজটা সম্ভব হয়েছে। সজল আরও বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, একেকটা গেটআপের জন্য আমাকে খুব কমই সময় দেওয়া হতো। এই অল্প সময়ের মধ্যেই নিজেকে ওই চরিত্রটির জন্য প্রস্তুত করতে হতো। তবে মনে হয়েছে বেশি সময় পেলে আরও ভালোভাবে কাজটা করতে পারতাম।’উত্তরা, আশুলিয়া, বিরুলিয়াসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। জানা গেছে, নাটকটি আগামী ঈদুল ফিতরের সময় প্রচারের জন্য নির্মিত হয়েছে।