
গণসংগীত থেকে লোকসংগীত সব ধরনের গানের সম্প্রসারণে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র। বাংলা গানের বৈচিত্র্যময় ধারার সংগীত নিয়ে জাগরণের একক কাজ প্রশংসনীয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র নিবেদিত আট শিল্পীর একক গানের আটটি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক আনিসুজ্জামান।
অনুষ্ঠানে শিশুসাহিত্যিক আখতার হুসেন বলেন, সুস্থ সংগীতের পরিবেশ তৈরিতে অগ্রপথিক জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র। এই আট শিল্পীকে উৎসাহিত করে সম্ভাবনাময় শিল্পীদের এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রাখছে এই সংগঠন। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগীতশিল্পী কিরণ চন্দ্র রায় ও খায়রুল আনাম শাকিল।
রবীন্দ্র, নজরুল, লালন, লোকসংগীত ও আধুনিক গান নিয়ে আটজন শিল্পীর আটটি অ্যালবাম প্রকাশ করেছে জাগরণ। এই আট শিল্পী হলেন নাসিমা খান, বিমান চন্দ্র বিশ্বাস, ফারাহ দীনা, জান্নাতে ফেরদৌস, রেজাউল করিম, শহিদ কবির, মাহমুদুল হাসান ও দিদারুল করিম। অ্যালবামগুলোর সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে এই আট শিল্পী সংগীত পরিবেশন করেন। ‘তুমি কোনবা দেশে রইলা’ ও ‘কালসাপ দংশিলে বিষে’ পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস, নাসিমা খান করেন রবীন্দ্রসংগীত ‘আর রেখো না আঁধারে’, শহিদ কবির শোনান ‘রুমা ঝুম রুমা ঝুম’, মাহমুদুল হাসান শোনান ‘মাগো ধন্য হলো’।
বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘আন্ডার প্রেশার’
গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল থেকে শুরু হয়েছে ‘আন্ডার প্রেশার’ নামে ছাপচিত্রকলার দলগত প্রদর্শনী।
বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রোকেয়া আফজাল রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর পরিচালক শিল্পী মাহমুদুল হক এবং বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।
প্রদর্শনীতে শিল্পী মাহমুদুল হক, রোকেয়া সুলতানাসহ ২৬ জন শিল্পীর ৫৫টি ছাপচিত্র রয়েছে। প্রদর্শনী আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।