আট শিল্পীর বৈচিত্র্যে বৈভব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির দেয়ালে শোভা পেয়েছে ১৬টি চিত্রকর্ম। বেশ বড় ফ্রেমের এই চিত্রকর্মগুলো আটজন শিল্পীর। তাঁরা পেইন্টিংয়ে সদ্য এমএফএ শেষ করেছেন। এই আট সহপাঠী পরস্পরের বন্ধুও। শিক্ষাজীবন শেষে তাঁদের বন্ধুত্বের স্মারক হিসেবেই আয়োজন করেছেন এই প্রদর্শনী। নাম ‘বৈচিত্র্যে বৈভব’। গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়নুল গ্যালারিতে নয় দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অতিথি ছিলেন ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি মাহমুদুল হেলাল, শিশির ভট্টাচার্য্য ও মইনুদ্দীন খালেদ।কাজগুলো সম্পর্কে প্রধান অতিথি রামেন্দু মজুমদার বলেন, ‘নাটকে আমরা সংলাপের মাধ্যমে প্রকাশ করি আমাদের আবেগ ও অভিব্যক্তি। আর এখানে শিল্পীরা তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেছেন চিত্রকর্মে। যে কথা অনেক সময় মুখে বলা যায় না, ঠিক তা-ই তাঁরা রং-তুলিতে তুলে ধরেছেন।’ ছবিগুলোর কয়েকটি নিজেদের প্রাতিষ্ঠানিক পরীক্ষার জন্য করা। আবার কিছু প্রদর্শনীকে উপলক্ষ করে। শিল্পী সঞ্জীব সাহা দেখিয়েছেন ক্যামেরার লেন্সের ঠিক সামনে বসে আছে ভায়োলিন হাতে এক বিষণ্ন বাদক। যার পায়ের নিচে কম্পিউটারের কি-বোর্ড। আর কি-বোর্ডের এক কোনায় একটি কাক। বাদকের দৃষ্টি গিয়ে ঠিকছে রোদচশমা পরা এক ডিজে শিল্পীর দিকে। ডিজিটাল মিউজিকের আগ্রাসনে কীভাবে অসহায় দেশীয় সংস্কৃতি আর ধ্রুপদি সংগীত—এ যেন তার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। ‘দ্য ডেমনস, দ্য রুলারস’ ছবিটিতে বেশ কয়েকজন নগ্নলোক একটি কাটা মস্তিষ্কের ভেতর থেকে পাইপ দিয়ে যেন তামাক গিলছে। ‘দ্য লিটারেট ডেমনে’ শিল্পী দেখিয়েছেন একটি অদ্ভুতকিমাকার পাঠকের এক হাতে বই, অপর হাতে অন্য আরেকজন হাত চিবুচ্ছে আর পা দিয়ে বের করছে মাথার মগজ। আর রাজকীয় আসনের পেছনে ভীতসন্ত্রস্ত বানর। রক্তচোষা শাসকের বিরুদ্ধে শিল্পীর সোচ্চার রং-তুলি। তেলরং, মিশ্র মাধ্যম, অ্যাক্রিলিকে আঁকা এই ১৬টি চিত্রকর্মে আটজন শিল্পী উপস্থাপন করেন অদ্ভুত দৃশ্যজগতের। যে জগতে চিত্রকর্মে ফুটে ওঠে পুরুষশাসিত সমাজে নারীর মুক্তির ডানা ঝাপটানো, ধনিক শ্রেণীর শোষণের দৃশ্য। ‘বৈচিত্র্যে বৈভব’ প্রদর্শনীর তরুণ এই আট শিল্পী হচ্ছেন সিলভিয়া নাজনীন, মোহাম্মদ ইমাম হোসেইন, সঞ্জীব সাহা, চন্দন কুমার বর্মণ, আবু বকর সিদ্দিক, শাহিদা পারভীন, সোনিয়া পারভীন ও কাজী নওশাবা আহমেদ। এটি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।কত্থক নৃত্য ও তবলার প্রশিক্ষণইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকায় শুরু করছে কত্থক নৃত্য ও তবলার প্রশিক্ষণ। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষণের প্রথম পর্ব। প্রশিক্ষণ দেবেন ভারতের প্রখ্যাত নৃত্যগুরু মোনালিসা রায় ও গোপাল মিশ্র। প্রায় তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষ হবে ৩১ ডিসেম্বর। সকাল ও বিকেল দুই বিভাগে সপ্তাহে শনিবার থেকে মঙ্গলবার এই প্রশিক্ষণ হবে। নাম নিবন্ধন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি ব্যাচে থাকবে ১৫ জন করে শিক্ষার্থী। ৫০০ টাকা ফির বিনিময়ে নাম নিবন্ধন করা যাবে—পরিচালক, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, সড়ক-২-এর বাড়ি-২৪, ধানমন্ডি।শেষ হলো ফরাসি আলোকচিত্রীর প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে ২৭ আগস্ট থেকে প্রখ্যাত ফরাসি আলোকচিত্রী জাঁ-ফিলিপ্পে পেরনটের ‘অ্যাপারিশনস অ্যান্ড সিনেগ্রাফিজ’ শীর্ষক একক প্রদর্শনী শুরু হয়। গতকাল ছিল প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনীতে শিল্পীর ২৩টি আলোকচিত্র প্রদর্শিত হয়। প্রথাগত আলোকচিত্রের ঢঙ থেকে বেরিয়ে এই শিল্পে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করেছেন জাঁ-ফিলিপ্পে। বেঙ্গল গ্যালারির দেয়ালে দেয়ালে বড় আকারের ফ্রেমে এই আলোকচিত্র। চিত্রকর্ম নাকি আলোকচিত্র—এমন খটকায় পড়েছেন অনেক দর্শকই। বড় ক্যানভাসে নিজের তোলা আলোকচিত্রের ওপর ভিন্নধর্মী কাজ করে এবং ভিন্নভাবে ছবি তুলে দর্শকদের অনেকটাই চমকে দিয়েছেন ফরাসি আলোকচিত্রী জাঁ-ফিলিপ্পে পেরনট।