আট শিল্পীর ‘সালাম বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশাত্মবোধক গানের অ্যালবামের কাজ শেষ করলেন সুমন কল্যাণ। আগামী সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে ছাড়া হবে। নাম ‘সালাম বাংলাদেশ’। সুমন কল্যাণের সুর-সংগীতে অ্যালবামে গান করেছেন আট জনপ্রিয় শিল্পী। তাঁরা হলেন—সুবীর নন্দী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিত্, নকিব খান, শাফিন আহমেদ, সামিনা চৌধুরী, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। অ্যালবামে মোট গান থাকছে নয়টি। এর মধ্যে আটটি একক এবং একটি দ্বৈত গান। ‘সালাম বাংলাদেশ’ শিরোনামের দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্ ও সামিনা চৌধুরী। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন ইমন সাইফুদ্দিন। সুমন কল্যাণ জানান, অ্যালবামের গানের কথাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন দিবসের পাশাপাশি উত্সবের তাত্পর্যগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গানের কথাগুলোতে যেমন উঠে এসেছে একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ষোলই ডিসেম্বরের নানা কথা, ঠিক তেমনি উঠে এসেছে সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক। এ ছাড়া উঠে এসেছে পয়লা বৈশাখের কথাও। থাকছে উত্সাহমূলক গানও।সুমন কল্যাণ আরও বলেন, ‘গানের সঙ্গে অনেক দিন ধরে জড়িত। বাবা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে অনেক দিন ধরে ইচ্ছে ছিল দেশের গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার। এ ক্ষেত্রে অবশ্য শিল্পীরা যথেষ্ট সহযোগিতা করেছেন। এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। এর আগেও আমি দেশাত্মবোধক গান করেছি। তবে এবারই পূর্ণাঙ্গ একটি অ্যালবাম করছি।’