আটকে থাকা ৪১ ছবির ভবিষ্যৎ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএফডিসিতে আটকে আছে ৪১টি ছবি
বিএফডিসিতে আটকে আছে ৪১টি ছবি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ক​রপোরেশন (বিএফডিসি)র সহযোগিতায় নির্মিত হওয়া একাধিক চলচ্চিত্রের মুক্তি মিলছে না। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সেন্সরের জন্য এফডিসিতে জমা পড়া ছবির প্রিন্টের হিসাব অনুযায়ী এই ছবির সংখ্যা ৪১। এফডিসির উৎপাদন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। আটকে থাকা ছবিগুলোর সবই ৩৫ মিলিমিটার ফিল্ম ফরম্যাটে নির্মিত।
এফডিসি কর্তৃপক্ষের হিসাবমতে, এসব ছবি নির্মাণে কারিগরি সহযোগিতা, ফ্লোর ভাড়া, পজেটিভ ক্রয় বাবদ ওই সব ছবির প্রযোজকদের কাছে দীর্ঘদিন ধরে ৫ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ২৮৬ টাকা পাওনা রয়েছে এফডিসির। একেকজন প্রযোজকের কাছে এই বকেয়ার পরিমাণ সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা।
এদিকে, আটকে থাকা বেশ কিছু ছবি সেন্সর ছাত্রপত্র পেলেও বাকি ছবিগুলো নানা ইস্যুতে এখনো ছাড়পত্রই পায়নি।
এফডিসির পরিচালক (উৎপাদন) দেলোয়ার হোসাইন বলেন, ‘আমার জানামতে মাত্র ৮-১০টি ছবির সেন্সর হয়েছে। বাকিগুলো বিভিন্ন কারণে সেন্সর হয়নি।’

তিনি বলেন, এর মধ্যে বেশ কিছু ছবি একাধিকবার সেন্সর বোর্ডে ওঠার পরও ছাড়পত্র পায়নি।

সংশোধনের মাধ্যমে পুনরায় সেন্সর উপযুক্ত না করে বছরে পর বছর ফেলে রাখা হয়েছে ছবিগুলো। আর এসব ছবির ছাড়পত্র নিতে প্রযোজকদেরও তেমন কোনো মাথাব্যথা নেই। এ বিষয়ে সেন্সর না পাওয়ার তালিকায় থাকা মায়ের আঘাত ছবির প্রযোজক রাশেদুজ্জামান রাসেল বলেন, ‘এখন আর সেন্সর নিয়ে ভাবছি না। কারণ, সেন্সর পেলেও তো ছবিটি মুক্তি দিতে পারব না। মুক্তি দিতে নতুন করে যে টাকা খরচ হবে, তা পুরোটাই জলে যাবে।’

তাহলে লাখ লাখ টাকা বিনিয়োগ করা এসব ছবির ভবিষ্যৎ কী? প্রযোজকেরা বলছেন, এসব ছবির এখন আর কোনো ভবিষ্যৎ নেই।

জানা গেছে, এখন এসব ছবি মুক্তি দিতে গেলে আগে এফডিসির বকেয়া পরিশোধ করতে হবে। এরপর থার্টি ফাইভ থেকে ডিজিটালে পরিবর্তন করতে হবে। সেখানেও নতুন করে খরচের ব্যাপার আছে। এ ছাড়া যে প্রেক্ষাপট ধরে ছবি নির্মাণ করা হয়েছে, অনেক ছবির ক্ষেত্রে প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলবে না। এমনকি ছবিগুলোর অভিনয়শিল্পীদেরও এখন আর দর্শকের কাছে গ্রহণযোগ্যতা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রযোজক বলেন, ‘ছবিতে যে পরিমাণ খরচ করেছি, এখন দেনাপাওনা পরিশোধ করে ছবি মুক্তি দিতে গেলে ছবির পোস্টারের টাকাই উঠে আসবে না। আমার যা গেছে, তার সঙ্গে নতুন করে লোকসান আর যোগ করতে চাই না।’

 তবে সেন্সর পাওয়া বেশ কয়েকটি ছবির প্রযোজকের ভাষ্য, এফডিসি কর্তৃপক্ষের সহযোগিতা পেলে তাঁরা তাঁদের ছবি মুক্তি দিতে চান। এ ব্যাপারে সেন্সর ছাড়পত্র পাওয়ার তালিকায় থাকা কঠিন নারী ছবির প্রযোজক মোরশেদ খান বলেন, ‘বর্তমান সময়ে এমনিতেই চলচ্চিত্রের অবস্থা ভালো যাচ্ছে না। সেদিক বিবেচনা করে এফডিসি কর্তৃপক্ষ যদি পুরো বকেয়া মাফ করে দেয়, তাহলে আমার ছবিটি মুক্তি দিতে চাই। আমি জানি, অনেক দিন আটকে থাকার কারণে এই ছবি থেকে বিনিয়োগের কোনো টাকাই উঠে আসবে না।’

একই কথা জানালেন ফাঁসি ছবির প্রযোজক চাঁন মিয়া। তিনি বলেন, ‘যদি এফডিসি কর্তৃপক্ষ সেই পরিবেশ তৈরি করে, তাহলে লোকসান হবে জেনেও আমার ছবিটি মুক্তি দিতে চাই।’

বছরের পর বছর ছবিগুলো আটকে থাকার জন্য এফডিসি কর্তৃপক্ষকে দায়ী করেছেন প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম। তিনি বলেন, ‘প্রায় দুই বছর আগে অনেক প্রযোজক বকেয়া মওকুফের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মন্ত্রণালয় আবেদনগুলো এফডিসিতে পাঠিয়েছে। অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের বোর্ড মিটিংও হয়েছে বেশ কয়েকবার। কিন্তু সেখান থেকে আজও কোনো ফল আসেনি।’

এ ব্যাপারে দোলোয়ার হোসাইন বলেন, ‘ছবির সার্ভিস চার্জ মওকুফের জন্য প্রযোজকেরা আবেদন করেছিলেন। আমরা কিছু ছাড় দেওয়ারও চেষ্টা করেছিলাম। এ ব্যাপারে পরিচালনা পর্ষদের তিনটি সভাও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।’

তাহলে এখন ছবিগুলোর বিষয়ে এফডিসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী? ওই পরিচালক (উৎপাদন) বলেন, ‘যতটুকু মনে হচ্ছে, তাতে বকেয়া আর মওকুফ সম্ভব হবে না। তবে এই বকেয়া আদায়ও কঠিন হবে।’