এবার ঈদে সপ্তমবারের মতো চ্যানেল আইয়ে প্রচারিত হবে গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। এবারের পর্বটি আয়োজন করা হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে। অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। কথা হলো তাঁর সঙ্গে।‘কৃষকের ঈদ আনন্দ’-এর এবারের পর্বে হাওরাঞ্চল বেছে নিলেন কেন?আমরা মূলত একটি এলাকার কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে ভেন্যু নির্বাচন করি। এবারও তেমনটাই করেছি। ডিঙ্গাপোতা হাওরাঞ্চরের ৮০ শতাংশ মানুষ দরিদ্র। বিশেষ করে এই বর্ষা মৌসুমে ভীষণ দুঃসময় পার করেন এলাকার কৃষকেরা। এই অঞ্চলের মানুষের সমস্যা তুলে ধরার পাশাপাশি তাঁদের আনন্দ দেওয়ার জন্যই এবারের ভেন্যু ডিঙ্গাপোতা হাওর।বিশেষ কোনো অভিজ্ঞতা হয়েছে এবার?যে এলাকায় ভেন্যু হয়, সেই এলাকার মানুষ সহযোগিতা না করলে এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। তবে এবার ডিঙ্গাপোতা হাওরে অনুষ্ঠান করতে গিয়ে বুঝেছি, প্রাকৃতিক বৈরিতা ওই এলাকার মানুষকে দারুণ প্রভাবিত করে। ফলে তাঁরা অল্পতেই চটে যান। কিন্তু তাই বলে তাঁরা আমাদের অসহযোগিতা করেছেন, তা বলছি না। খেলায় কোনো নতুনত্ব আসছে কি?হাওরাঞ্চল, তাই আটটি খেলার মধ্যে চারটিই আছে পানির ওপরে। মজার ব্যাপার হলো, ডিঙ্গাপোতায় প্রায় সাড়ে সাত লাখ হাঁস আছে। সেখানকার মানুষের জীবিকার বড় একটি অনুষঙ্গ হলো এই হাঁস। তাই ‘হাঁস খেলা’ নামে একটি বিশেষ ইভেন্ট আছে।