
বাংলাদেশে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংগীত ও নৃত্যানুষ্ঠান। আগত অতিথিদের প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, তিনি অভিভূত যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এত মানুষের সমাগম হয়েছে। লোকজনের সমাগম দেখে তাঁর প্রথমে মনে হয়েছিল, এটি একটি রাজনৈতিক অনুষ্ঠান। তিনি এ দেশের মানুষের সাংস্কৃতিক মানস দেখে আনন্দ প্রকাশ করেন।
বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত অনেক দিন ধরেই সাংস্কৃতিক বিনিময় করে আসছে। সে ক্ষেত্রে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারতীয় শিল্পকলা শেখানোর পাশাপাশি বাংলাদেশের শিল্প ও সাহিত্যকেও ভারতে পরিচিত করাতে বেশ কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর আয়োজন করেছিল বাংলাদেশ ও ভারত যৌথভাবে। এ ছাড়া ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার শিক্ষা দিচ্ছে হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল সংগীত, কণ্ঠসংগীত, তবলা ইত্যাদি।
আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের শিক্ষক সন্তোষ কুমার মিশ্র ও তাঁর শিক্ষার্থীরা পরিবেশন করে হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল সংগীত ‘স্বর শ্রুতি’। রাগ শুদ্ধ কল্যাণ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ধ্রুপদি কণ্ঠসংগীত। যোগেশ বশিষ্ঠ এবং তাঁর শিক্ষার্থীরা পরিবেশন করে হিন্দি কবিতার আবৃত্তি এবং সম্মিলিত সংগীত। শেষে ছিল মণিপুরি নৃত্য। ‘বাল্য কৃষ্ণ নর্তন’ ও ‘গোপ রাস’ পরিবেশন করেন ওয়ার্দা রিহাব এবং তাঁর শিক্ষার্থীরা।