আঠারোর শক্তি আঠারোর অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>তারকাদের জীবনেও আঠারো বছর আসে। কবির ভাষায় ‘আঠারো আমার শক্তি, আঠারো আমার প্রেরণা’র মতো করেই তারকাদের জীবনেও আছে ওই বয়সের অর্জন ও অনুভূতি। বিভিন্ন অঙ্গনের বেশ কয়েকজন তারকার কাছে আমরা জানতে চেয়েছিলাম আঠারোর গল্প।
জয়া আহসান, অভিনেত্রী
জয়া আহসান, অভিনেত্রী

আক্ষেপ ছিল, কেন আপা ডাকবে না

জয়া আহসান, অভিনেত্রী
এখনকার তরুণ-তরুণীদের মতো বয়স অনুযায়ী আলাদা করে বলা কঠিন। কারণ ওই হিসাবটা ঠিকমতো করতাম না। তবে ঠিক ১৮ না, টিনএজ বয়সের আমার কিছু কষ্ট আছে, কারণ ওই সময় আমার এক-দুই বছরের ছোট ভাইবোনেরা আমাকে ‘আপা’ ডাকত না। কেউ সেভাবে বড় বোন ভাবত না। এ কারণে আমার বাবাকে দিয়ে রীতিমতো ওদের বকা খাওয়াতাম। শুধু বকা না, আমাকে যাতে বড় দেখা যায় এ কারণে আমি চুরি করে মায়ের হিল পরতাম। এতে একটু উঁচু দেখাত বটে, কিন্তু কাজিনরা তুই তোকারিই করত। আরও একটু বয়সী যাতে দেখায় এ কারণে কোনো কারণ ছাড়াই চশমা নিয়ে নিলাম। কিন্তু সমস্যা থেকেই গেল। ওই বয়স নিয়ে এটাই আমার স্মৃতি।

জাহিদ হাসান
জাহিদ হাসান

প্রথম মঞ্চে উঠেছিলাম
জাহিদ হাসান, অভিনেতা
যত দূর মনে পড়ে, ১৮ বছর বয়সে আমি প্রথম মঞ্চে উঠেছিলাম। ১৯৮৪ সালের ১০ আগস্ট। সিরাজগঞ্জের তরুণ সম্প্রদায়ের নাটক সাত পুরুষের ঋণ-এ। বিটিভিতে সরাসরি দেখিয়েছিল নাটকটি। ওই নাটকে অভিনয়ের

১৮ বছর বয়সে প্রথম মঞ্চে ওঠেন জাহিদ হাসান
১৮ বছর বয়সে প্রথম মঞ্চে ওঠেন জাহিদ হাসান

অনুপ্রেরণা নিয়েই আমার ঢাকায় আসা। টেলিভিশনে অভিনয় করা এবং আজকের জাহিদ হাসান হওয়া। ১৮ আমাকে অনেক কিছুই দিয়েছে।
তবে ১৮ বছর বয়সী প্রথম আলোর কাছে আমার দাবি হলো, তারা যেন আরও বেশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। এখন তো পূর্ণবয়স্ক হলো, তাই আরও বেশি দায়িত্বশীল হবে এমনটাই চাওয়া আমাদের।

হাবিব ওয়াহিদ
হাবিব ওয়াহিদ

১৮ বছর বয়সের প্রেমগুলো খুব মিস করি
হাবিব ওয়াহিদ, সংগীতশিল্পী
আমার বয়স যখন ১৮-এর কাছাকাছি, তখন আর্ক ব্যান্ডের সঙ্গে কি-বোর্ড বাজাতাম। ওই বয়সে আমার জীবনে আরও একটি স্মরণীয় ঘটনা ঘটেছিল। একবার মাইলস ব্যান্ডের মানাম ভাই (মানাম আহমেদ­) তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তখন মাইলসের একটি শোতে মানাম ভাইয়ের জায়গায় আমাকে কি-বোর্ড বাজানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। মাইলস তো এখনো অনেক জনপ্রিয় একটি ব্যান্ড, কিন্তু সে সময় এই ব্র্যান্ডের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আমি যাঁদের গানের ভক্ত, তাঁদের সঙ্গে একই মঞ্চে পরিবেশন করতে পারাটা আমার তরুণ বয়সের অন্যতম বড় একটি অর্জন। এটা তো গেল কাজের কথা। আর ব্যক্তিগত জীবনে আমি আমার ১৮ বছর বয়সের প্রেমগুলো খুব মিস করি। পাড়ার রাস্তা দিয়ে হাঁটার সময় হয়তো কোনো মেয়ের সঙ্গে চোখাচোখি হয়ে গেল অথবা বারান্দায় এসে কোনো মেয়ে দাঁড়াল আর ওমনি তাঁকে ভালো লেগে গেল—এ ধরনের প্রেমগুলো তো আর এখন চাইলেও হবে না।

আঠারোতে তারকাখ্যাতি পেয়েছিলেন পূর্ণিমা
আঠারোতে তারকাখ্যাতি পেয়েছিলেন পূর্ণিমা

তারকাখ্যাতি আমার অর্জন
পূর্ণিমা, অভিনেত্রী
আমি ক্লাস নাইনে থাকতে অভিনয় শুরু করি। প্রথম ছবি জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার। সেই ছবির প্রথম দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রথম শটটি একবারে ‘ওকে’ হয়েছিল।

পূর্ণিমা
পূর্ণিমা

তারপর তো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। ১৮ বছর বয়সে আমার অর্জন হলো, আমি তখন কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ পরিচিত মুখ। যেখানে যাই লোকজন পছন্দ করেন, কথা বলেন। অটোগ্রাফও দিতে হয়েছে। আসলে ওই বয়সে তারকাখ্যাতি পাওয়াই আমার অর্জন।

অপি করিম
অপি করিম

একটা নতুন জগৎ তৈরি হয়েছিল
অপি করিম, অভিনেত্রী
১৮ বছর বয়সে একদম ভারহীন জীবনযাপন করেছি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যা বিভাগে পড়ব। ১৮ বছর বয়সেই আমি সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাই। তাই বলা যেতে পারে, সেই বয়সেই আমি আমার স্বপ্নের ভেতরে ঢুকে যেতে পেরেছিলাম।

লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও অপি করিমের বড় অর্জন বুয়েটে ভর্তি হওয়া
লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও অপি করিমের বড় অর্জন বুয়েটে ভর্তি হওয়া

এখন পর্যন্ত এটিই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ, সারা দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী সেই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু ওই বিভাগে পড়ার সুযোগ পেয়েছিলেন মাত্র ৫৫ জন। আমি তাঁদের মধ্যে একজন। আর এর পরের বছর লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। তখন টিভিতেও টুকটাক অভিনয় শুরু করি। কিছু বিজ্ঞাপনের কাজও করছিলাম, আর নাচের অনুষ্ঠান তো ছিলই। সব মিলিয়ে তখন আমার নতুন একটা জগৎ তৈরি হয়।

ন্যান্সি
ন্যান্সি

আঠারোতে আমার প্রথম অ্যালবাম প্রকাশ পায়
ন্যান্সি, সংগীতশিল্পী
আমার ১৮ বছর বয়সে চলচ্চিত্রে প্রথম গাওয়া গান ‘পৃথিবীর যত সুখ’ প্রকাশ পায়। তারকাখ্যাতি বলতে যা বোঝায় ওটা ওই বয়সেই অনুভব করি। এর আগে বিজ্ঞাপনের জিংগেল করেছিলাম বেশ কিছু। মানুষ আমাকে চিনতেন না, অনেকে নামটা জানতেন। তো ওই জিংগেলের বিজ্ঞাপন যখন প্রচারিত হতো, তখন ঘরের যেখানেই থাকি না কেন দৌড়ে টিভির সামনে চলে যেতাম। সিনেমার গানের পরপরই আমার প্রথম অ্যালবাম বাজারে আসে। তখনই আমাকে মানুষ চিনতে শুরু করেন। মজার ব্যাপার কী জানেন, অনেকেই আমাকে ভাবতেন অনেক বয়সী কেউ। এমনও হয়েছে, আমি কনসার্টে গাইতে গিয়েছি, আমার সামনেই লোকজন আমাকে খুঁজছেন।
গ্রন্থনা: হাবিবুল্লাহ সিদ্দিক ও নাদিয়া মাহমুদ