আড়াল থেকে উঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন্নি
তিন্নি

: তিন্নি, এত দিন কোথায় ছিলেন?
: বাসায়। বাবা-মায়ের কাছে।
: আর কাজকর্ম?
: ভালো লাগে না। পরিবেশটা যেন কেমন হয়ে গেছে, তাল মেলাতে পারি না। আর ব্যক্তিগত কিছু ঝামেলা ছিল।
কথা হচ্ছে শ্রাবস্তী দত্ত তিন্নির সঙ্গে। সর্বশেষ তিনি কাজ করেছিলেন ২০১৩ সালে, চয়নিকা চৌধুরীর নাটকে। নাম নীলিমায় নীল। ওই বছর পয়লা বৈশাখে এটিএন বাংলায় দেখানো হয় নাটকটি। এতে তিন্নি অভিনয় করেন নোবেল আর তারিনের সঙ্গে। আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিন্নি। তাঁর এবারের নাটক একই বৃন্তে। তিন্নির মা কস্তুরি দত্ত মজুমদারের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন আলী আজাদ, পরিচালনা করছেন সুজন শাহরিয়ার। তিন্নির সঙ্গে অভিনয় করেছেন নিরব। ১৫ ও ১৬ সেপ্টেম্বর শুটিং হলো ফার্মগেট আর উত্তরায়। নাটকটি তৈরি হচ্ছে তিন্নির মায়ের প্রযোজনা প্রতিষ্ঠান প্রাপ্তি আলো থেকে।
কথা বলার জন্য সময়টা তিন্নি নিজেই দিয়েছেন। যথারীতি নির্ধারিত সময়ে তিনি অনুপস্থিত। মুঠোফোন বন্ধ। তিন্নি ওই সময় কোথায় আছেন, তা জানেন না মা। পরে তিন্নি কথা বললেন মুঠোফোনে।
তিন্নি অল্প দিনেই নিজের জন্য আলাদা অবস্থান তৈরি করেছিলেন। অভিনয় করেছেন নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে। বিয়ে করেন অভিনয়শিল্পী হিল্লোলকে। তাঁদের একমাত্র সন্তান ওয়ারিশা। হিল্লোল আর তিন্নির সংসার বেশিদিন টেকেনি। ছাড়াছাড়ি হয় দুজনের। এর আগেই নিজেকে গুটিয়ে নেন তিন্নি। ওই সময় তাঁর বিরুদ্ধে নির্মাতাদের শিডিউল ফাঁসিয়ে দেওয়া আর মাদকাসক্ত হওয়ার অভিযোগ শোনা যায়।
তবে তিন্নির মতে, হতাশা পেয়ে বসেছিল তাঁকে। আর যাঁদের সঙ্গে তিন্নি কাজ করছিলেন, তাঁদের কারও কারও বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘আমি নিয়মিত কাজ করতে চেয়েছিলাম, কিন্তু কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পারিশ্রমিক কমানো থেকে শুরু করে নানা আবদার শুনতে হয়েছে। কেউ কেউ আপত্তিকর সুযোগ নিতে চেয়েছে। আমি কাউকে সুযোগ দিয়ে কাজ করতে চাইনি।’
দীর্ঘ অনুপস্থিতিতে নিজের অবস্থান হারিয়ে ফেলেছেন তিন্নি। তাঁকে আবার গোড়া থেকে শুরু করতে হবে। আর তা হলো নিজের অবস্থান তৈরির জন্য কঠোর সংগ্রাম। এই কাজের জন্য কতটা প্রস্তুত তিন্নি? বললেন, ‘শতভাগ। আমি কিন্তু আবার নিয়মিত কাজ শুরু করব। দর্শক আবার সেই তিন্নিকে দেখতে পাবেন। এত দিন যে আমি কাজ করিনি, তার জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার। আমি সবাইকে বলতে চাই, বসে থাকা মানে প্রস্থান নয়।’
এদিকে মায়ের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ হলে কী হবে, এসেই আবার শিডিউল ফাঁসানোর অভিযোগ তিন্নির বিরুদ্ধে। এবার তিন্নি কী বলবেন?
তিন্নি বললেন, ‘এই অভিযোগ একেবারেই মিথ্যা। শুটিংয়ের শেষ দিন আমি যখন সেটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, তখন জানতে পারি সেখানে কয়েকটি পত্রিকা আর টিভি চ্যানেলের সাংবাদিক এসেছেন। এখনই গণমাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তাই পরিচালকের সঙ্গে আলোচনা করে শুটিংয়ের নতুন সময় চূড়ান্ত করি। কাজের সুবিধার জন্য তা গোপন রাখা হয়। যে দৃশ্যগুলোর কাজ বাকি ছিল, তা ওই দিন রাতেই আমরা শেষ করেছি।’
এদিকে এখন টিভি ও চলচ্চিত্রে অনেক নতুন ছেলেমেয়ে কাজ করছেন। তিন্নিকে প্রতিযোগিতা করতে হবে তাঁদের সঙ্গে।
তিন্নি জানান, যখনই ফিরতে চেয়েছেন, তখনই তিনি এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছেন, যা তাঁকে কাজে ফিরতে অনেক বেশি নিরুৎসাহিত করেছে। বললেন, ‘শুটিং করতে গিয়ে দেখা গেছে, সেখানে নতুন শিল্পীদের যেভাবে মূল্যায়ন করা হচ্ছে, আমাকে তা করা হচ্ছে না। শুটিংয়ের সময় নির্মাতাদের আচরণ দেখে মনে হয়েছে, আমি যেন হারিয়ে গেছি, তাঁরা আমাকে দয়া করে কাজ দিচ্ছেন।’
তিন্নি আবার নাটকে নিয়মিত অভিনয় করবেন, এমনটা সব সময়ই চান তাঁর মা। তাই এবার মায়ের গল্পের নাটকেই তিনি অভিনয় করেছেন। তবে মা গল্প লিখেছেন, এমনটা নাকি জানা ছিল না তিন্নির। বললেন, ‘শুটিংয়ের আগের দিন রাতে পরিচালকের কাছ থেকে আমি তা জানতে পেরেছি।’
মেয়ে ওয়ারিশার ব্যাপারে জানালেন, ওয়ারিশা তাঁর বাবার কাছে থাকে। মাঝে মাঝে তিনি নিজের কাছে এনে রাখেন।
তিন্নির ছবি তোলা দরকার। কিন্তু আবার হারিয়ে যান তিন্নি। কখনো তাঁর মুঠোফোন বেজেই চলেছে, আবার কখনো বন্ধ। তাঁর নতুন ছবি তোলা এবার আর সম্ভব হলো না।
যে তিন্নি একদিন নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন, সেখান থেকে কিছু সময়ের জন্য বেরিয়ে আসেন তিনি। একটু উঁকি দিয়েই কি আবার নিজেকে আড়ালেই নিয়ে গেলেন?