আড্ডা-গানে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকটা ঘরোয়া আয়োজন। একজন গান করতে এসে বলছেন, ‘আমার গানের বৈশিষ্ট্য হলো ভুল কথা, তাল কেটে যাওয়া এবং সুর থেকে সরে যাওয়া।’ আবার দেখা গেছে, দর্শকের সারি থেকে একজন চিৎকার দিয়ে বলছেন, ‘আরে তপু তবলাও বাজায় নাকি!’ একজন আবৃত্তি করছেন, মাঝে একটি শিশু উঠে দাঁড়িয়ে গেল তাঁর পাশে। এমনই ছিল ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে পাঠশালা আয়োজিত যুগপূর্তির উৎসবটি।আলোকচিত্রের শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালার যুগপূর্তির দুই দিনের আয়োজনের শেষ দিনে গতকাল শনিবার ছায়ানট মিলনায়তনে পাঠশালার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষার্থীরা যে যাঁর মতো করে এসে কেউ গান গেয়েছেন, কেউ আবৃত্তি করেছেন কবিতা। হলভর্তি দর্শক আড্ডার আমেজে উপভোগ করেন এসব পরিবেশনা। মাঝেমধ্যে তুমুল করতালি আর হর্ষধ্বনি দিয়ে তাঁরা জুগিয়েছেন উৎসাহ।