আড্ডার বিউটি বোর্ডিংয়ে সারারাত্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারারাত্তির নাটকের দৃশ্য
সারারাত্তির নাটকের দৃশ্য

নদীর জলে আগুন ছিল

জানা আছে আমাদের, ঢাকার বিউটি বোর্ডিং নদীর জলে আগুন ছিলএক পুরোনো বই, যার পৃষ্ঠায় পৃষ্ঠায় উজ্জ্বল হয়ে আছে গত শতকের পঞ্চাশ-ষাটের দশক। বাংলা কবিতায় বা বাংলাদেশের কবিতায় পঞ্চাশের দশকের কোটা ধরে আবির্ভূত সেদিনের তরুণ কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, আবু জাফর ওবায়দুল্লাহ, হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, আলাউদ্দিন আল আজাদ বা আরও যত কবি, তাঁরা বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিয়েছেন। আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, নভেরা আহমেদ, হামিদুর রাহমান, বিজন চৌধুরী—এঁরা তরুণ শিল্পী-ভাস্কর, আড্ডায় ছিলেন বিউটি বোর্ডিংয়ে। পঞ্চাশ পেরিয়ে দশক ষাটে পৌঁছুতেই বিউটি বোর্ডিং আরও জমজমাট। শওকত আলী, রণেশ দাশগুপ্ত, আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুর রহমান, রফিক আজাদ, জহির রায়হান, আমজাদ হোসেন, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, আবুল হাসান, ইমরুল চৌধুরী, সিকদার আমিনুল হক, রণজিৎ পাল চৌধুরী—ষাটের       দশক কী উজ্জ্বল! তারুণ্যের সেই ঔজ্জ্বল্য পড়েছে বিউটি বোর্ডিংয়ে। এককথায়, বিউটি বোর্ডিংয়ের আড্ডা একটা       ইতিহাস হয়ে গেছে। পুরান ঢাকার বাংলাবাজারে প‌্যারিদাস রোডের ১ নম্বর শ্রীশদাস লেনই বিউটি বোর্ডিং, সামনে খোলা উঠোনসহ একটি দোতলা হলুদ বাড়ি। এটি পুরান ঢাকার একটি আবাসিক সুবিধাসহ খাবারের হোটেল। এই হোটেলের নামই বিউটি বোর্ডিং। এখানেই আড্ডা দিতেন গত শতকের এত-এত সৃষ্টিশীল গুণীজন।

অভিনেতা, নির্দেশক দীপক সুমন বললেন,  বিউটি বোর্ডিংয়ে নাটক করতে চাই, বাদল সরকারের সারারাত্তির।

 ভালো চিন্তা।  

 কিন্তু বিউটি বোর্ডিংয়ে তো আড্ডার একটা ইতিহাস আছে।  

 আছে।

 আপনারা একটা আড্ডা দেন। নাটক শুরু করব সাতটায়। চারটা থেকে আড্ডা।

তারপর দীপক সুমন যা বলেন তাতে দাঁড়াল এই যে আসাদ চৌধুরী, কফিল আহমেদ, আমি আর সামিনা লুৎফা নিত্রা আড্ডায় বসব। কয়েক সন্ধ্যায় বিউটি বোর্ডিংয়ে  তীরন্দাজ রেপার্টরি  বাদল সরকারের স্ক্রিপ্ট সারারাত্তির-এর মহড়া করে চলল। এল ২৮ এপ্রিল। আসাদ চৌধুরী ও কফিল আহমেদ ঢাকার বাইরে থাকায় শংকর সাঁওজাল আড্ডায় যুক্ত হলেন। এবং শংকর সাঁওজালই বলে দিলেন,  এভাবে বলে-কয়ে স্পিকারের সামনে বসে আড্ডা হয় না।

আড্ডার নামায়ন ছিল,  নদীর জলে আগুন ছিল —পঙ্‌ক্তিটি আসাদ চৌধুরীর কবিতা থেকে কুড়িয়ে আনা। আড্ডায় যুক্ত হলেন লুবনা মারিয়াম। তিনি বললেন,  বহু বছর পুরান ঢাকায় আসি, এই প্রথম বিউটি বোর্ডিংয়ে এলাম।

আড্ডার সামনে আগত চল্লিশ-পঞ্চাশজন দর্শক। শংকর সাঁওজাল বলছিলেন,  অনেকটা সময় আমার বরিশালেই কেটেছে। তাই বিউটি বোর্ডিংয়ের সেই আড্ডা আমিও পাইনি। তিরাশিতে ঢাকায় আসি। এরশাদবিরোধী আন্দোলনে পথনাটক করতে করতে রাস্তায়ই ছিলাম অনেকটা সময়। আড্ডা দিতে পারিনি সেভাবে, এখানে। এখন সময় পেলেই আসি, একাই আসি।

নাটক ও প্রতিরোধের কথা আসতেই কথা ওঠে সমকালের। আড্ডার আরেক অতিথি সামিনা লুৎফা নিত্রা তাঁদের নাটকের দল যে শিল্পকলা একাডেমিতে দশ মাস ধরে হল বরাদ্দ পাচ্ছে না, তা জানালেন এবং এরপরও শিল্পচর্চার ক্ষেত্রে কোথাও কারও তালুবন্দী না থাকার প্রত্যয় ব্যক্ত করলেন বলিষ্ঠভাবে। কারণ ঠিক একই রকম অনাপসী মনোভাবের দায়ে,  তীরন্দাজ রেপার্টরি ও দশ মাস শিল্পকলা মঞ্চ বরাদ্দ থেকে বঞ্চিত, তা আড্ডার দর্শকদের সামনে জানালেন  তীরন্দাজ রেপার্টরি র পক্ষ থেকে মিতালি দাশ! এই হল বুকিং পাওয়া না-পাওয়া এবং তার মধ্যেও নাটক করতে চাওয়ার দুর্দমনীয় ইচ্ছাকেই বলে তারুণ্য। আড্ডায় দর্শক সারি থেকে অংশ নিলেন কয়েকজন, তাদের একজন বীথি, প্রতিবাদী গানের দল  সমগীত -এর সদস্য। স্বাধীনতা এক নিরন্তর লড়াই। প্রতিমুহূর্তে লড়ে যেতে হবে, কার বিরুদ্ধে? স্বাধীনতা ক্ষুণ্নকারী যেকোনো মনোভাবের বিরুদ্ধে, একজন সংস্কৃতিকর্মীকে সেটা মনে রাখতেই হবে।

বাদল সরকারের সারারাত্তির

বিউটি বোর্ডিং-এর একতলা-দোতলার বারান্দা-করিডর মিলিয়ে একটা মঞ্চ ধারণা তৈরি করা হয়েছিল। সামনের উঠোনে দর্শকের আসন। বাদল সরকারের নাটক সারারাত্তির-এ মাত্র তিনটি চরিত্র। ভুতুড়ে অন্ধকার ও বজ্রনিনাদিত রাতে কোথাও বেড়াতে গিয়ে এক দম্পতি বৃষ্টিতে আটকে পড়ে আশ্রয় নেয় এক পোড়োবাড়ির নিচতলায়। ভয় ভয় লাগে। টানা বৃষ্টিতে তারা বন্দী হয়ে পড়ে। অস্বস্তি লাগে। এর মধ্যেই নাটকের তৃতীয় চরিত্র, পোড়োবাড়ির মালিক দোতলা থেকে নেমে আসে এবং আস্তে আস্তে দম্পতি তার সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। ভেজা কাপড় পাল্টানো বা রাতের আশ্রয় ও খাবারের প্রশ্নে তারা বাড়ির প্রৌঢ় নিঃসঙ্গ লোকটির ওপরে খানিকটা নির্ভরও করে ফেলে। খিচুড়ি রান্না চাপিয়ে প্রৌঢ় কথার ঝাঁপি খুলে দেয়। সেই কথা ধীরে ধীরে বিদ্যুৎ হানে আগত দম্পতির বউটিকে। একা থাকতে থাকতে প্রৌঢ় লোকটা একটা রাক্ষস হয়ে ওঠে এবং এই সৌন্দর্য-রাক্ষসের ক্ষুধা বউটি অনুমোদন করে। কারণ?

সংসারের শেকল পরা বিয়ের সাত বছর অতিবাহিত। দাম্পত্যের শৈথিল্য থেকে বউটির স্বামী হয়তো ভুলেই গেছে যে তার বউ এক উর্বরা যুবতী। যুবতী বউটিও হয়তো ভুলেই ছিল কিন্তু এই বৃষ্টিমন্দ্রিত রাত হানা দেয় মস্তিষ্কের গভীর কোটরে। বৃষ্টিফোঁটায় জাগে লতাপাতা, জাগে প্রৌঢ়, প্রেম, জাগে বউটি। অগণন রাত্রির দেখা অভিজ্ঞানে প্রৌঢ়ের কথার পালকে পালকে বউটির বাহুতে পাখা গজায়। এ বউ উড়ে যেতে চায়। চাইবেই বা না কেন, সমাজ-সংসারের কথার দেয়ালেই সারা জীবন আটকে থাকবে, মানুষ কি আদতে এতটা বন্দী হতে চাওয়া প্রাণী? সংস্কারের পাঁচিল কি মনে মনে কেউ একটুও ভাঙে না? এই প্লাবন প্লাবন রাতে, পোড়োবাড়িতে প্রৌঢ়ের মধ্যে বউটি রঞ্জনকে খুঁজে পায়। যদিও প্রৌঢ় দাবি করে, রঞ্জন তার হাঁটুর বয়সী। কিন্তু এই মেঘজলে ভেজা বউ প্রৌঢ়ের মধ্যেই চিরকালের কল্পবাঞ্ছা প্রেমিক রঞ্জনকে আবিষ্কার করে। বুঝলাম, বাদল সরকার রক্তকরবীর রঞ্জনকে এই পোড়োবাড়ির নিঃসঙ্গ প্রৌঢ়ের মধ্যে জারিত করেছেন। বিউটি বোর্ডিংয়ে সারারাত্তির-এর উদ্বোধনী প্রদর্শনী দর্শক দেখছিল মুগ্ধ হয়ে। প্রসেনিয়াম    নয়, নিচতলার বারান্দার দুইটা আর্চকেই প্রধান মঞ্চ     কাঠামো করে  সারারাত্রির  এগিয়ে চলে। আবার চরিত্রেরা যেহেতু শব্দ প্রকাশের জন্য ল্যাপেল ব্যবহার করেছেন,     ফলে একতলা থেকে হাঁটতে হাঁটতে উঠোন পাড়ি দিয়ে দোতলার বারান্দায় চলে গেছেন কথা বলতে বলতে। এটা অবশ্যই নিরীক্ষণীয় একটা পর্যায়। থিয়েটারকে নানানভাবে দেখা। বিউটি বোর্ডিং-এর সঙ্গে সারারাত্তির উপস্থাপনা একাকার হয়ে উঠেছে। ভিন্নদেশ বা ভাষার দর্শক যারা বাংলা নিরীক্ষাপ্রবণ নাটক দেখতে উৎসাহী, তাদের জন্য দীপক সুমনের নির্দেশিত সারারাত্তির একটি উৎসাহব্যঞ্জক পরিবেশনা নিঃসন্দেহে।