আতঙ্কে কারাগার বদলালেন সঞ্জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুনের আর্থার রোড কারাগারের যে কারাপ্রকোষ্ঠে পাকিস্তানি জঙ্গি আজমল কাসাবকে রাখা হয়েছিল, সেই ভূগর্ভস্থ ‘‘আন্ডা সেল’’-এ ঠাঁই হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তেরও। আতঙ্কে কয়েক রাত ঘুমাতেই পারেননি এ অভিনেতা। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ নতুন সেলে স্থানান্তর করে তাঁকে। আর এবার কারাগার বদলে পুনের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলো এ তারকা অভিনেতাকে। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে ২১ মে দিবাগত রাতে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে পুনের ইয়েরাওয়াড়া কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণ মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে প্রিজন ভ্যানে ওঠানো হয় সঞ্জয়কে। আজ বুধবার ভোরে তাঁকে পুনে কারাগার কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। পুনের কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। গত ১৬ মে আত্মসমর্পণের এক সপ্তাহের মাথায় পুনের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলো সঞ্জয়কে। এর আগেও এ কারাগারে তিনি দেড় বছর জেল খেটেছেন। কেবল ভারতই নয়, পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্দী ধারণক্ষমতা রয়েছে এই কারাগারের। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। এই মামলায় আগে দেড় বছর কারাভোগ করায় তাঁকে আর সাড়ে তিন বছর সাজা খাটতে হবে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী গত ১৬ মে আত্মসমর্পণ করেন সঞ্জয়। প্রথমে তাঁকে আর্থার রোডের কারাগারে ১০ নম্বর ব্যারাকের আন্ডা সেলে রাখা হয়েছিল। ছোট্ট এ কুঠরিতেই থাকতেন পাকিস্তানি জঙ্গি আজমল কাসাব। ডিমের মতো দেখতে আট ফুট বাই ১০ ফুট আয়তনের এই কুঠরির অর্ধেকটা মাটির নিচে। তাই সেখানে ভালো করে আলো ঢোকে না। অন্ধকারাচ্ছন্ন আন্ডা সেলে রাখার পর থেকেই সঞ্জয়ের মধ্যে অস্থিরতা দেখা দেয়। প্রথম দুই রাত তিনি একদমই ঘুমাতে পারেননি। সারা রাত জেগে ধর্মীয় বই পড়েছেন। আজমল কাসাবের ফাঁসি কার্যকর হলেও একটা সময় আর্থার রোডের এ আন্ডা সেলেই তাঁর সময় কেটেছে। বিষয়টি জানার পর সেখানে কোনোভাবেই থাকতে পারছিলেন না সঞ্জয়। আইনজীবীর মাধ্যমে তিনি সেল পরিবর্তনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে নতুন সেলে স্থানান্তর করা হয় তাঁকে। সেখান থেকেই পুনে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।