১৯৬২ সালের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ছাত্র। সে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হল সংসদ নাট্যোৎসবে প্রথম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ও আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করি। নাটকটির নাম এ মুহূর্তে মনে পড়ছে না। ১৯৬৪ সালে এসে আজিমুদ্দিনের মা নাটকে অভিনয় করি। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সাতরং নাটকের দলে যোগ দিই। সেখানে মাইলপোষ্ট নাটকে দলে প্রথম অভিনয় করি। নাটকটির অনুবাদও আমার ছিল। ১৯৬৮ সালে আমি ও জিয়া হায়দার মিলে নাগরিক নাট্যসম্প্রদায় গঠন করি। সেই সময় নাটকের দলে মহিলা কর্মী পাওয়া কঠিন ছিল। ফলে দল গঠনের পর মঞ্চে প্রায় চার বছর কাজ করতে পারিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে এসে আমার প্রথম নির্দেশনায় মঞ্চে আসে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকটি। কিন্তু নাগরিকের হয়ে মঞ্চে প্রথম অভিনয় করি আলী যাকেরের নির্দেশনায় বাকি ইতিহাস নাটকে। এটি ছিল ১৯৭৩ সালের ফেব্রুয়ারি মাসে।