আতাউর রহমান ৫ প্রশ্ন
শিগগিরই মঞ্চে আসছে পালাকারের ব্যানারে নাটক নারীগণ। নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক আর নির্দেশনার কাজটি করছেন বিশিষ্ট নাট্যজন আতাউর রহমান। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। নাটকটি কীভাবে মঞ্চে আসছে?মূলত নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার পর তাঁর পরিবারের মেয়েদের ভাগ্যে যা ঘটেছিল, তা নাটকটিতে উঠে এসেছে। নাটকটি সৈয়দ শামসুল হক লিখেছেন। তবে মূল লেখা থেকে আমি গল্পের প্রয়োজনে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। সে ক্ষেত্রে মূল সিরাজউদ্দৌলা গল্পেরও কিছু অংশ নাটকে এসেছে।এবার এ গল্পটি বেছে নিলেন কেন?পৃথিবীর বিভিন্ন দেশে যুগে যুগে যুদ্ধের দিনগুলো বা পরবর্তী সময়ে মেয়েদের ওপর অত্যাচারের মাত্রা বেশি হয়েছে। সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর তাঁর পরিবারের যেমন করুণ পরিণতি হয়েছিল, একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের সময়ও মেয়েদের ওপর অত্যাচার বেশি হয়েছে; এবং একইভাবে প্রাসাদ ষড়যন্ত্রের বিষয়টিও ঘটে আসছে সে সময় থেকে। এখনো তা বন্ধ হয়নি। সেই সময় থেকে বর্তমান সময়ের ঘটনাপ্রবাহেরও ইঙ্গিত আছে নাটকটিতে। নাটকটির গল্প খুবই প্রাসঙ্গিক হওয়ায় কাজটি করার আগ্রহ পেয়েছি।কত দিন পর নাটকটি মঞ্চে আসবে?আমরা অনেক দিন ধরেই পাণ্ডুলিপিটি নিয়ে কাজ করছি। নাটকে প্রায় সবই মেয়ে চরিত্র। তাই একসঙ্গে অনেক নারী অভিনয়শিল্পী পাওয়াটাও কঠিন ছিল। এ কাজটি সময় নিয়েই করতে হচ্ছে। আশা করছি, আগামী মার্চ-এপ্রিল নাগাদ নাটকটি মঞ্চে আসবে।এই নাটকটি নিয়ে নিজ দলের বাইরে বেশ কয়েকটি নাটকের নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি আপনি কতটুকু উপভোগ করছেন?আমার কাছে বিষয়টি খুবই ভালো লাগছে। একেবারে তরুণদের সঙ্গে কাজ করছি। নতুন প্রজন্মের মেধাবীদের সঙ্গে কাজ করে ভালো লাগছে। সে ক্ষেত্রে নিজ দলের বাইরের নাট্যকর্মীদের সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতাও হচ্ছে। যত মানুষের সঙ্গে কাজ করি, ততই ভালো লাগে। নতুন প্রজন্মের এসব নাট্যকর্মীকে নিয়ে আমি খুবই আশাবাদী।নিজ দলের হয়ে নতুন কাজ শুরু করছেন কবে?নতুন একটা কাজ শুরু করার ইচ্ছা আছে। গীতগোবিন্দ নিয়ে কাজ করব। পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। আশা করছি, মাস দুয়েকের মধ্যেই কাজটি শুরু করতে পারব।