
আতাউর রহমান এ দেশের নাট্যজগতের অন্যতম কৃতী। অভিনয়, অনুবাদ ও নির্দেশনা সবকিছুতেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন, রাখছেন। বয়সে প্রবীণ হলেও তিনি চিরতরুণ।
গতকাল নাট্যজন আতাউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ শীর্ষক তাঁরই নির্দেশিত নাটকের সাত দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন৷ শিল্পকলা একাডেমীতে ‘মঞ্চসারথি আতাউর রহমান নাট্য উৎসব ২০১৪’ নামে এ উৎসবের আয়োজন করা হয়েছে৷ উদ্বোধনী পর্বে আলোচকেরা আতাউর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান, তাঁর দীর্ঘায়ু কামনা করেন। কেক কেটে তাঁকে শুভেচ্ছা জানান অতিথিরা৷ নিজের জন্মদিনে নাট্য উৎসবের আয়োজনের পাশাপাশি তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য আয়োজক ও নাট্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান আতাউর রহমান। রসিকতা করে বলেন, ‘বেঁচে থাকতেই যেন নিজের সম্বন্ধে ভালো ভালো কথা শুনতে পারি, এ জন্যই এ ধরনের আয়োজন করা হয়েছে।’
শিল্পকলা একাডেমী ও ‘মঞ্চসারথি আতাউর রহমান কর্ম উদ্যাপন পরিষদের যৌথ আয়োজনে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে কেক কেটে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান সাহিত্যিক সৈয়দ শামসুল হক। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এতে বক্তব্য দেন আনোয়ারা সৈয়দ হক, আইটিআই বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার, পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব উষা গাঙ্গুলী, নাট্যব্যক্তিত্ব ইনামুল হক, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, অভিনেত্রী লাকী ইনাম, ঝুনা চৌধুরী প্রমুখ।
উৎসবের উদ্বোধনী পর্বে আতাউর রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মঞ্চ সারথি আতাউর রহমান’-এর ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা শেষে মঞ্চায়িত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী।
উৎসবের অন্য নাটকগুলো হলো রুদ্র রবী ও জালিয়ানওয়ালাবাগ, বাংলার মাটি বাংলার জল, গডোর প্রতীক্ষায়, অপেক্ষমাণ ও নারীগণ। ২৪ জুন শেষ হবে সাত দিনের এ উৎসব। সমাপনী সন্ধ্যায় প্রদর্শিত হবে আতাউর রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মঞ্চ সারথি আতাউর রহমান’।