আতিকের প্রথম ধারাবাহিক ‘যাদুর শহর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করছেন নূরুল আলম আতিক। নাম ‘যাদুর শহর’। প্রথম আলো ডটকমকে আতিক বলেন, ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে থাকা ভিন্ন ভিন্ন স্তরের মানুষের বেঁচে থাকার নিজস্ব জাদু ও বাস্তবতাই ‘যাদুর শহর’ নাটকের গল্প।শহর নিয়ে ধারাবাহিক নির্মাণ প্রসঙ্গে নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের অডিও ভিজ্যুয়ালে এই শহরের প্রতিফলন থাকে খুব কম। যা থাকে তা-ও অনেকটা ব্যাকড্রপ হিসেবে। যাদুর শহর নাটকে আমাদের চেষ্টা থাকবে, এই ঢাকা শহরের সঙ্গে শহরবাসীর সম্পর্ক রচনা করা। যাতে আমরা শহরটাকে নিজের করে নিতে পারি, ভালোবাসতে পারি।’চরিত্র ও চরিত্র চিত্রায়ণ সম্পর্কে আতিকের ভাষ্য, ‘আমাদের এই ধারাবাহিকের মূল চরিত্র হলো শহর ও শহরবাসী নানা ধরনের মানুষ। নিয়মিত অভিনয়শিল্পীদের বাইরে অসংখ্য চরিত্র রয়েছে, যাতে অংশ নেবেন ওই পেশা বা চরিত্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত কেউ।’‘যাদুর শহর’ ধারাবাহিকের অভিনয়শিল্পীরা হলেন লায়লা হাসান, নায়লা আজাদ নূপুর, আহমেদ রুবেল, লিটু আনাম, তানজিকা, মুনিরা মিঠু, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, ইলোরা গহর, নওশাবা, দিহান, শিল্পী সরকার অপু, শামীমা নাজনীন, সুষমা সরকারসহ অনেকে।‘যাদুর শহর’-এর সূচনা-সংগীত লিখেছেন আনন্দ আর গেয়েছে ব্যান্ডদল ‘চিরকুট’। গান করার পাশাপাশি চিরকুট ব্যান্ডকে এ ধারাবাহিকে অভিনয় করতেও দেখা যাবে। পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত নাটকটি যৌথভাবে লিখছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু। চিত্রনাট্য তৈরির দলে আরও আছেন মীর সামী, গোলাম রাব্বানী, আনন্দ, ফাহমিদা প্রমুখ। নাটকটি চ্যানেল টোয়েন্টিফোরের জন্য নির্মিত হচ্ছে। এরই মধ্যে ধারাবাহিকটির ৩৩ পর্বের ধারণকাজ শেষ হয়েছে।