আত্মজীবনী লিখে জোলির আয় তিন কোটি পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

গত এক বছরে কেবল অভিনয়ের পারিশ্রমিক বাবদ অ্যাঞ্জেলিনা জোলির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে তিন কোটি ৩০ লাখ ডলার। এ জন্য বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া হলিউডের অভিনেত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে ফোর্বস ম্যাগাজিন। এবার আত্মজীবনীমূলক বই থেকে আরও তিন কোটি পাউন্ড আয় করতে যাচ্ছেন অস্কারজয়ী এ তারকা অভিনেত্রী।
জোলির আত্মজীবনী বই আকারে প্রকাশের জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছে যুক্তরাষ্ট্রের তিনটি প্রকাশনা সংস্থা। বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে জোলির সম্মতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি এক খবরে যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের বিনিময়ে জোলিকে তিন কোটি পাউন্ডেরও বেশি দিতে প্রস্তুত আছে প্রতিষ্ঠানগুলো।
এ প্রসঙ্গে জোলির কাছের একটি সূত্র জানিয়েছে, জোলি তাঁর নিজের জীবনের নানা অধ্যায় সবাইকে জানানোর জন্য পুরোপুরি প্রস্তুত। সব সময় তিনি তাঁর জীবনের গল্প সবাইকে শোনাতে চেয়েছেন। তাঁর বিশ্বাস, আত্মজীবনীমূলক বই প্রকাশের জন্য এখনই সঠিক সময়। যত দ্রুত সম্ভব বইটির প্রকাশনা সংস্থা চূড়ান্ত করতে চান তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, জোলির আত্মজীবনীমূলক বই প্রকাশের দায়িত্ব পাওয়া মানে সোনার খনির ওপর বসার সুযোগ পাওয়া। কারণ নিশ্চিতভাবেই বইটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশে বেস্ট সেলার বইয়ের  তালিকার শীর্ষে উঠে আসবে বইটির নাম। এটি প্রকাশের জন্য বিনিয়োগকৃত অর্থ এক সপ্তাহের মধ্যেই উঠে আসবে।