সালটা ১৯৩৫। জার্মানির গদিতে অ্যাডলফ হিটলার। তাঁর নাৎসি বাহিনীর তখন একচ্ছত্র ক্ষমতা। নির্যাতন চলে উদারপন্থা ও সাম্যবাদ সমর্থনকারী মানুষের ওপর। শেষে অবসান হয় অত্যাচারীর। আত্মত্যাগের বিনিময়ে এল মুক্তি।
ইজ্জত নাটকে এভাবেই ফুটে ওঠে ক্ষমতার অপব্যবহার ও পতনের চিত্র। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। নয় দিনব্যাপী ‘আগস্টের নাট্যসম্ভার’ শিরোনামের নাট্যোৎসবের তৃতীয় দিন ছিল গতকাল। এটি মঞ্চস্থ করে থিয়েটার ওয়ার্কশপ, চট্টগ্রাম। অমল রায় রচিত নাটকের নির্দেশনা দিয়েছেন তাপস শেখর।
ইজ্জত নাটকের কাহিনি আবর্তিত হয়েছে দেশপ্রেমিক এক নারীকে ঘিরে, যিনি জলাঞ্জলি দিয়েছিলেন জীবনের আনন্দ-উচ্ছল মুহূর্তকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর রিজুয়ান, সাইফুল ইসলাম, সানজিদা ইমু, তনয় রাজ প্রমুখ।
ইডিপাসের ১২৬তম মঞ্চায়ন
গতকাল সন্ধ্যায় গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ট্র্যাজিক নাটক ইডিপাস মঞ্চায়ন করেছে তির্যক নাট্যদল। এ নিয়ে নাটকটির ১২৬তম মঞ্চায়ন করল দলটি। থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা সাতটায় শুরু হয় নাটকের পরিবেশনা। আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া প্রমুখ।