আত্মবিশ্বাসী করেছে স্বল্পদৈর্ঘ্য উৎসব

অহল্যা ছবিটি দেখে মাথা ঘুরে গিয়েছিল, তেমনই এক দর্শকের সঙ্গে একবার আড্ডার সুযোগ হয়। ওই ছবিটির আগেও তিনি অনেক স্বল্পদৈর্ঘ্য দেখেছিলেন। কিন্তু অহল্যা তাঁর তৃষ্ণা বাড়িয়ে দেয়। ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে তিনি দেখতে শুরু করেন নানা দেশের বিখ্যাত সব স্বল্পদৈর্ঘ্য ছবি। তারপর সিদ্ধান্তই নিয়ে ফেলেন, নিজে ছবি বানাবেন।
ঢাকায় হয়ে গেল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। শহরে ছড়িয়ে থাকা বিভিন্ন মিলনায়তনে দেখানো হলো অনেক ছবি। নানা বয়সী দর্শক, বিশেষত তরুণেরা বেশ উপভোগ করেছেন এ ছবিগুলো। প্রাপ্তি হিসেবে যুক্ত হলো আত্মবিশ্বাস। এত বড় একটি আন্তর্জাতিক উৎসব এখানে করা যায়। আমরা যে জঙ্গিবাদের ভয়ে তটস্থ জাতি নই, বিশ্ববাসীকে সেটা জানানো গেল। নিজেদের চলচ্চিত্রগুলো দেখিয়ে প্রশংসিত হলেন নতুন নির্মাতারা। সামনে তাঁদের হাত ধরেই তো আসবে আন্তর্জাতিক সম্মান ও স্বীকৃতি। শুধু তা-ই নয়, নতুন নির্মাতার পাশাপাশি নতুন দর্শক তৈরি করতে পেরেছে এ উৎসব। একঝাঁক তরুণ প্রস্তুতি নিয়েছেন, আগামী দিনে স্বল্পদৈর্ঘ্য থেকে হয়তো পূর্ণদৈর্ঘ্য নির্মিত হবে তাঁদের হাতে।

প্রায় শ পাঁচেক ছবি দেখানো হয়েছে এ উৎসবে। পুরস্কার দেওয়া হয়েছে ছয়টি স্বল্পদৈর্ঘ্য ছবিকে। সেগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের পুরস্কার জেতে রাশিয়ার ফিকশন ছবি ফ্যামিলি অফলাইন ও বাংলাদেশ-কানাডার যৌথ তথ্যচিত্র ঝলমলিয়া।বিশেষ জুরি পুরস্কার জিতেছে ইরানের আরডাক, বাংলাদেশের পথ এবং নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড জিতেছে আফগানিস্তানের ছবি ম্যারি মাদার।এ ছাড়া ‘তারেক শাহরিয়ার সেরা মুক্তি ছবি’র পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি কবি-স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি।এই ছবিটির পরিচালক তাসমিয়া আফরিন।