আদনান সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাকিস্তানি বংশোদ্ভুত জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামির বিরুদ্ধে ভারতের ইন্দোরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আদালতের আদেশের কপি ভারতীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছাতে সাত মাস সময় লেগেছে। ২০০১ সালের এক ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। এক খবরে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।আদনান সামি ২০০১ সালে ইন্দোরে অনুষ্ঠিত একটি কনসার্টে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেখানে অংশ না নেওয়ার আয়োজকরা তাঁর বিরুদ্ধে মামলা করে। ২০০৫ সালে মামলার শুনানির সময় আদনান সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পুলিশ। কিন্তু সে সময় তাঁকে গ্রেপ্তার করতে না পারায় ২০১১ সালের ১১ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও আইপিসির ৩৪৫ ধারায় তাঁর বিরুদ্ধে স্থায়ী পরোয়ানা জারি হয়। এই আদেশের প্রতিলিপি ইন্দোর পুলিশের কাছে পৌঁছেছে এ বছরের ১৩ জুন। জানা গেছে, আদনান সামিকে জামিন আবেদন করতে হলে এখন ইন্দোরে অবশ্যই আসতে হবে। বর্তমানে আদনান সামি লন্ডনে অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব রাজু সনি।